Published : 09 Jul 2026, 11:11 PM
সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স শনিবার খোলা হবে। এ দিন সকাল ১০টা থেকে দানবাক্সে জমা হওয়া টাকা গণনা শুরু হবে।
মাজারের সার্বিক ব্যবস্থাপনা ও উন্নয়ন সংক্রান্ত কমিটির সদস্য, মাজার কর্তৃপক্ষ, মাদ্রাসার শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে পুরো কার্যক্রম পরিচালনা করা হবে।
বৃহস্পতিবার বিকালে সিলেট সার্কিট হাউসে কমিটির প্রথম সভা শেষে এসব তথ্য জানান কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
তিনি বলেন, “পুরো প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে করা হবে। গণনাকারীরা কাজ শেষ না হওয়া পর্যন্ত নির্ধারিত স্থান ত্যাগ করতে পারবেন না।”
গণনা শেষে সংগৃহীত টাকা জেলা প্রশাসকের নামে নির্ধারিত ব্যাংক হিসাবে জমা রাখা হবে বলেও জানান তিনি।
সভায় মাজার, মসজিদ ও মাদ্রাসার পরিচালনা এবং আর্থিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। কয়েকটি বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবারের সভায় সেগুলো চূড়ান্ত করা হবে।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “মাজারের সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করতে বেশ কয়েকটি বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চূড়ান্ত অনুমোদনের পর সেগুলো জানানো হবে।”
দেশ-বিদেশে থাকা হযরত শাহজালাল (রহ.)-এর ভক্ত-অনুরাগীদের উদ্দেশে তিনি বলেন, “কমিটির ওপর আস্থা রাখুন। সবার মতামতকে গুরুত্ব দিয়ে মাজারের স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা নিশ্চিত করতে আমরা কাজ করছি।”
সভায় বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, কমিটির সদস্যসচিব ও সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা, পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক, শাহজালাল (রহ.) দরগাহ শরীফের সরেকওম ফতেহ উল্লাহ আল আমান, খাদেম মুফতি রায়হান উদ্দিন মুন্না, দরগাহ জামে মসজিদের সেক্রেটারি মুফতি এম এ হাসান এবং জামেয়া কাসিমুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাসুক উদ্দিন উপস্থিত ছিলেন।