২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে দোকান ভাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৮

জসিম ও ওয়াসিম তাদের দোকানঘর অগ্রিম ৫০ হাজার টাকার বিনিময়ে তিন বছরের জন্য একই এলাকার বিপ্লবের কাছে ভাড়া দিয়েছিলেন।

মাদারীপুরে দোকান ভাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৮
কালকিনিতে হামলায় আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2024, 10:00 AM

Updated : 26 Aug 2026, 10:53 AM

মাদারীপুরে কালকিনিতে দোকানঘর ভাড়া দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ আটজন আহত হয়েছেন।

শনিবার সন্ধ‌্যায় কালকিনি পৌরসভার চরবিভাগদী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান কালকিনি থানার ওসি হুমায়ুন কবির।

হামলায় আহতরা হলেন- চর‌বিভাগদী গ্রামের জসিম উদ্দিন বেপারী, তার ভাই কামরুজ্জামান ওয়াসিম, ওয়াসিমের চাচা আকবর আলী বেপারী, ওয়াসিমের বোন সালমা আক্তার, ওয়াসিমের ছেলে সিফাত আহমেদ, চাচাতো ভাই ইমরান বেপারী, ইমদাদ হাওলাদারসহ আটজন।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, জসিম উদ্দিন ও কামরুজ্জামান ওয়াসিম তাদের দোকানঘর অগ্রিম ৫০ হাজার টাকার বিনিময়ে তিন বছরের জন্য একই এলাকার বিপ্লব বেপারীর কাছে ভাড়া দিয়েছিলেন।

তিন বছর শেষে চুক্তি অনুযায়ী বিল্পব অগ্রিম টাকা ফেরত নিয়ে দোকানঘর মালিকদের বুঝিয়ে দেন। কিন্তু সম্প্রতি বিল্পব দাবি করেন জসিমদের কাছে আরও ৫০ হাজার টাকা তার পাওনা আছে।

“পরে শনিবার দুপুরে কালকিনি থানার মোড়ে বিপ্লব ও ওয়াসিমের মধ্যে তর্কাতর্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। স্থানীয়রা তাদের শান্ত করলে দুজনই বাড়িতে চলে যায়।”

ভুক্তভোগীদের অভিযোগ, পরে সন্ধ‌্যায় বিল্পব লোকজন নিয়ে ওয়াসিম ও তার পরিবারের উপর হামলা চালায়। এ সময় তিনজনকে কুপিয়ে জখম ও পাঁচ জনকে পিটিয়ে আহত করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে আহতদেরকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ওসি হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে পুলিশ। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।