মাদারীপুরে গাছ কাটা নিয়ে সংঘর্ষে আহত ১১
নারায়ণ বালা বাড়ির পাশের একটি চাম্বুল গাছ কাটতে গেলে পানু দাস ও তার ছেলেরা বাধা দেয়।
মাদারীপুর পৌর এলাকায় বাড়ির পাশে গাছ কাটা নিয়ে সংঘর্ষে নারীসহ অন্তত ১১ জন আহত হয়েছে।
মঙ্গলবার সকালে পৌর শহরের মধ্য খাগদী এলাকায় এ ঘটনা ঘটে বলে মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান।
আহতরা হলেন, নারায়ণ বালা (৩৫), মায়া বালা (২৭), মাণিক বালা (৩৫), জয় বালা (১৩), রণোজিত দাস (২৭), পাপ্রি দাস (২২), পানু দাস (৫০), তপন দাস (২৭), স্বপন দাস (২৫), রতন দাস (২২) ও বাসুদেব দাস (৩৫)।
ওসি বলেন, মাদারীপুর পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নারায়ণ বালা বাড়ির পাশের একটি চাম্বুল গাছ কাটতে গেলে পানু দাস ও তার ছেলেরা বাধা দেয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে তর্ক বির্তক ও হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে।
“এতে উভয় পক্ষের কমপক্ষে ১১ জন আহত হয়। তাদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
আহত নারায়ণ বালা বলেন, “আমার কেনা গাছ, আমি কাটতে গেলে হঠাৎ করে পানু দাস ও তার ছেলেরা আমাদের উপর হামলা করে। এতে আমার পরিবারের ছয়জন আহত হয়েছি। আমি এ ঘটনার বিচার চাই।”
তবে অভিযোগ অস্বীকার করে পানু দাসের ছেলে তপন দাস বলেন, “আমরা কোনো হামলা করিনি। ওরাই আমাদের উপরে প্রথম হামলা করে। এতে আমরা বাবাসহ চার ভাই আহত হয়েছি।”
সংঘর্ষের ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে জানিয়ে ওসি মনোয়ার বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
