২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেগম খালেদা জিয়া কলেজসহ নাটোরের ৪ প্রতিষ্ঠানের সবাই ফেল

নাটোরে এইচএসসি ও সমমানে পাসের হার ৭৮ দশমিক ৪২ শতাংশ।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2024, 11:46 PM

Updated : 10 Sep 2026, 12:20 PM

এইচএসসি ও সমমানের পরীক্ষায় নাটোরে বেগম খালেদা জিয়া মহাবিদ্যালসহ চারটি প্রতিষ্ঠানের কেউ পাশ করেননি।

এ বছর নাটোরে পাসের হার ৭৮ দশমিক ৪২ শতাংশ; এ ছাড়া এক হাজার ৪৬৩ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন বলে জানান রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অলিউল আলম।

এদিকে গুরুদাসপুর উপজেলার দুর্গাপুর স্কুল অ্যান্ড কলেজের ছয়জন, নলডাঙ্গার সরকোতিয়া স্কুল অ্যান্ড কলেজের দুইজন, বাগাতিপাড়ার তমালতলা উইমেন্স কলেজের দুইজন এবং বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয় থেকে চারজন শিক্ষার্থী এইসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিলেও কেউ পাশ করেননি বলে জানান নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. রওশন আলী।

বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়টি নন এমপিওভুক্ত বলে জানান প্রতিষ্ঠানের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. ইব্রাহিম খলিল।

তিনি বলেন, “প্রতিষ্ঠানটি শুরুর দিকে শিক্ষার্থীর সংখ্যা ভালো ছিল। পটপরিবর্তন হলে এখানে কাউকে ভর্তি হতে দিতো না। কলেজ খুলতেও অনেক সময় বাঁধা দেওয়া হত। তবুও প্রতি বছর পাশের সংখ্যা আশানুরূপ থাকত। 

“এ বছর যে চারজন পরীক্ষা দিয়েছিল, তারা কেউ নিয়মিত ক্লাস করত না। নতুন করে প্রতিষ্ঠানটিকে ঢেলে সাজানোর চেষ্টা করছি। আশা করি আগামীতে ভালো ফলাফল হবে।”

অতিরিক্ত জেলা প্রশাসক রওশন আলী বলেন, নাটোর থেকে এ বছর মোট ১১ হাজার ৪৬৭ জন এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করেন; যাদের মধ্যে পাশ করেছেন আট হাজার ৯৯২ জন। 

তবে যে কলেজগুলো থেকে একজনও পাস করতে পারেননি; সেসব প্রতিষ্ঠানের বিষয়ে তদন্ত করে দেখা হবে বলে জানান তিনি।

নাটোর জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহাদুজ্জামান বলেন, “আমি বাহিরে আছি। তবে যেসব প্রতিষ্ঠান থেকে একজনও পাস করেননি, সেসব প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে বসা হবে।”