২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগের ন্যায় বিএনপিও নিজেদের মত সংবিধান ব্যাখ্যা করছে: নাহিদ

“তারা সংবিধানকে তাদের নিজেদের মত করে ব্যাখ্যা করছে। পক্ষে গেলে তারা সংবিধানের পক্ষে আছে, বিপক্ষে গেলে তারা সংবিধানের পক্ষে নেই।”

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2026, 08:47 PM

Updated : 26 Aug 2026, 03:15 PM

আওয়ামী লীগের ন্যায় বিএনপি সরকারও নিজেদের মত সংবিধান ব্যাখ্যা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, “জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়েছে। যেখানে সংবিধান সংস্কার পরিষদ হবার কথা, গণভোটের রায় বাস্তবায়ন হওয়ার কথা। কিন্তু সরকারি দল যারা আছেন, তারা গণরায় মানছেন না। 

“তারা সংবিধানকে তাদের নিজেদের মত করে ব্যাখ্যা করছেন। পক্ষে গেলে তারা সংবিধানের পক্ষে আছে, বিপক্ষে গেলে তারা সংবিধানের পক্ষে নেই। এই দ্বিচারিতা এবং সংবিধানকে নিজেদের মত ব্যাখ্যা করার রাজনীতি আমরা কিন্তু আওয়ামী আমলে দেখেছি।”

শনিবার বিকালে নারায়ণগঞ্জে এনসিপির সাধারণ সভায় এসব কথা বলেন তিনি।

নাহিদ বলেন, “আওয়ামী লীগ একইভাবে সংসদকে কবজা করে সংবিধানকে দলীয়করণ করেছে। সংবিধানকে নিজেদের মত ব্যাখ্যা করেছে। এই একই কাজ এখনকার যারা সরকার দল তাদের মধ্যেও আমরা একই প্রবণতা দেখতে পাচ্ছি।”

“ফলে যদি সেই প্রবণতা তাদের মধ্যে থাকে জনগণ তাদের রায় আবারও রাজপথে জানান দেবে। সেটার জন্য কী এনসিপি প্রস্তুত আছে”, বলেন এনসিপি প্রধান।

সংস্কার, বিচার ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবার আহ্বান জানিয়ে এনসিপিকে সেই ‘বৃহত্তর রাজনীতির’ জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, “আমাদের সংগ্রাম সংসদে, রাজপথে সব জায়গায় থাকবে। আমরা রাজপথ থেকে সংসদে গিয়েছি। কিন্তু সংসদে গিয়ে আমরা রাজপথ কি ভুলে যাব না।”

নাহিদ ইসলাম বলেন, “আমরা ভুলে যাব না। রাজপথ থেকে আমাদের জন্ম হয়েছে। এইখানেই জনগণের সাথে আমাদের সম্পর্ক আরও বৃদ্ধি করতে হবে। এবং আমরা চাই যে নতুন বন্দোবস্ত নতুন রাজনীতির কথা বলছি, সেটি আমাদের চর্চায় যাতে আসে।”

স্থানীয় সরকার নির্বাচনেও ভালো ফলাফল আনতে নেতাকর্মীদের সক্রিয় থাকার কথা বলেন এনসিপি প্রধান।

সভায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল আমিন, জেলা এনসিপির আহ্বায়ক যুবায়ের সরদার, সদস্যসচিব জোবায়ের হোসেন তামজিদ, সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান, মহানগর আহ্বায়ক মো. শওকত আলী, সদস্যসচিব আশিকুর রহমান চৌধুরী অভি এবং সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম উপস্থিত ছিলেন।