১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

খুলনার দুই মোড়ের নাম পরিবর্তন করবেন না মেয়র

কীভাবে নাম পরিবর্তনের বিষয়টি সভার আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত হয়েছে, তা জানেন না বলেও দাবি করেছেন মেয়র।

খুলনার দুই মোড়ের নাম পরিবর্তন করবেন না মেয়র

খুলনা সিটি করপোরেশনের শিববাড়ী মোড়।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2023, 09:50 AM

Updated : 30 Apr 2023, 10:08 AM

খুলনা মহানগরের গুরুত্বপূর্ণ দুটি মোড়ের নাম পরিবর্তন করবেন না বলে জানিয়েছেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক। 

তিনি বলেছেন, “আমি থাকতে কোনোভাবেই সিটি করপোরেশনের কোনো জায়গার নাম পরিবর্তন হবে না।” 

কয়েকদিন পরই এই সিটির নির্বাচন, কিন্তু এর মধ্যে হঠাৎ করেই আলোচনায় আসে এই মহানগরের গুরুত্বপূর্ণ দুটি মোড়ের নাম পরিবর্তনের উদ্যোগের কথা। 

খুলনা সিটি করপোরেশনের ১৯তম সাধারণ সভার আলোচ্যসূচিতে শিববাড়ী মোড়কে ‘বঙ্গবন্ধু চত্বর’ ও বর্তমান বঙ্গবন্ধু চত্বরের (ময়লাপোতার মোড়) নাম পরিবর্তন করে শহীদ শেখ আবু নাসের চত্বর করার প্রস্তাব করার বিষয়টি রাখা হয়েছিল। 

রোববার এ সভা অনুষ্ঠিত হবার কথা। এর আগে ওয়ার্ড কাউন্সিলরদের কাছে পাঠানো সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম স্বাক্ষরিত সভার আলোচ্যসূচি বিষয়ক নোটিশটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। 

বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ওই নামকরণের সমালোচনা করে বিভিন্ন মন্তব্য করেন। নাম পরিবর্তনের বিরোধিতা করেন। 

এর পরই মেয়র তালুকদার আবদুল খালেক দাবি করেছেন, “কীভাবে ওই বিষয় অ্যাজেন্ডার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে, তা আমি জানি না। তবে আমি থাকতে কোনোভাবেই সিটি করপোরেশনের কোনো জায়গার নাম পরিবর্তন হবে না। 

“রোববার সিটি করপোরেশনের ১৯তম সাধারণ সভায় এ নিয়ে অ্যাজেন্ডা থাকলেও তা সভার আলোচনায় উঠবে না।” 

Image

খুলনা সিটি করপোরেশনের বঙ্গবন্ধু চত্বর।

এ বিষয়ে খুলনা সিটি করপোরেশনের একাধিক ওয়ার্ড কাউন্সিলর বলছেন, সম্প্রতি সাধারণ সভার আলোচ্য সূচিবিষয়ক নোটিশটি তাদের কাছে পাঠানো হয়। ওই নোটিশে আলোচ্য সূচির ৫ নম্বরে নাম পরিবর্তনের বিষয়টি আছে। 

ওয়ার্ড কাউন্সিলররা আরও জানান, নাম পরিবর্তনের বিষয়টি এর আগে কোনো সভায় আলোচনা হয়নি। হঠাৎ করেই আলোচ্য সূচিতে তারা নাম পরিবর্তনের বিষয়টি দেখছেন। 

কেন ও কী কারণে এমনটি করা হচ্ছে, তা তারা জানেন না। সামাজিক যোগাযোগমাধ্যমে নাম পরিবর্তনের সমালোচনার ব্যাপারটিও তারা দেখেছেন। 

নাম পরিবর্তনের বিষয়ে অসন্তোষ প্রকাশ করে পূজা উদ্যাপন পরিষদ খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ডু বলেন, “বঙ্গবন্ধু সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। তার প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। কিন্তু ঐতিহ্যবাহী শিববাড়ী মোড়ের নাম তড়িঘড়ি করে কেন পরিবর্তন করতে হবে সেটি বুঝতে পারছি না।” 

সিটি করপোরেশনের এমন সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ জানান তিনি। 

খুলনার নাগরিক নেতা আনোয়ারুল কাদির বলেন, “শিববাড়ী এলাকায় দুটি শিবমন্দির ছিল। সে অনুযায়ী ওই মোড়ের নামকরণ হয়েছে। 

“আর একসময় নগরের সব বর্জ্য ফেলা হতো ময়লাপোতা এলাকায়। এ কারণে ওই এলাকার নামকরণ হয়ে যায় ময়লাপোতা। পরবর্তী সময়ে এ জায়গাটির নাম সোনাপোতা করা হলেও সেটি এখনো ময়লাপোতা হিসেবেই পরিচিত।” 

কাদির আরও বলেন, “কোনো ঐতিহ্যগত স্থানের নাম বদলে বির্তক বা ঐতিহ্য নষ্ট করা ঠিক হবে না। ৩০ বছর আগেও সাবেক মেয়র তৈয়েবুর রহমান শিববাড়ী মোড়ের নাম পরিবর্তন করে বাবরি চত্বর করেছিলেন, কিন্তু সেটা মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায়নি। মানুষ শিববাড়ী বলতে এখনো ওই এলাকাকেই চেনে।”