২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

‘ঘুমন্ত অবস্থায়’ ট্রাকের পেছনে ধাক্কা, অ্যাম্বুলেন্স চালক নিহত

অ্যাম্বুলেন্সের আহত তিনজনকে উদ্ধার বন্দর হাসপাতালে ভর্তি করেছে ফায়ার সার্ভিস।

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2023, 12:33 PM

Updated : 17 Feb 2023, 12:43 PM

বাগেরহাটের মোংলায় সিলিন্ডার বোঝাই ট্রাকের পেছনে ধাক্কায় এক অ্যাম্বুলেন্স চালকের প্রাণ গেছে। আহত হয়েছে শিশুসহ তিনজন।

চালক ঘুমন্ত অবস্থায় গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ফায়ার সার্ভিসের ভাষ্য।

শুক্রবার সকাল ৭টার দিকে মোংলা বন্দর শিল্প এলাকার ফাইভ রিংস সিমেন্ট ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে বলে মোংলা ইপিজেড ফায়ার সার্ভিস ইউনিটের সিনিয়র স্টেশন অফিসার মো. আরবেজ আলী জানান।

নিহত ৩৫ বছর বয়সী হারেজ মিয়া যশোর সদরের ভেকুটিয়া এলাকার খন্দকার আমির হোসেনের ছেলে। হারেজ খুলনার বৈকালীতে থাকতেন। তিনি খুলনা আদ-দ্বীন হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক ছিলেন।

আরবেজ আলী বলেন, অ্যাম্বুলেন্সটি খুলনা থেকে মোংলার দিকে যাচ্ছিল। পথে দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দিলে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।

খবর পেয়ে চালকের মরদেহ উদ্ধার করে মোংলা থানায় হস্তান্তর করা হয় বলে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান।

তিনি বলেন,অ্যাম্বুলেন্সে থাকা শিশুসহ তিনজন আহত হয়েছেন। তাদের উদ্ধার বন্দর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

“তবে আহতদের শারীরিক অবস্থা তেমন গুরুতর নয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।”

আরবেজ আলী আরও বলেন, “অ্যাম্বুলেন্স চালক ঘুমন্ত অবস্থায় থাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মেরে দেয়। তবে দুর্ঘটনার পর মোংলা-খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”

মোংলা থানার এসআই মো. হাদিউজ্জামান বলেন, লাশ আপাতত পুলিশের হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের লোকজন এলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।