২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছক্কায় সেঞ্চুরিতে নায়ক সুরিয়াকুমার

এবারের আইপিএলে নিজের প্রথম সেঞ্চুরিতে দলকে জেতালেন সুরিয়াকুমার ইয়াদাভ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2024, 12:36 AM

Updated : 26 Aug 2026, 09:33 AM

জয়ের জন্য দলের দরকার ৬ রান। সেঞ্চুরির জন্য সুরিয়াকুমার ইয়াদাভের প্রয়োজন তখন ৪। পেসার থাঙ্গারাসু নাটারাজানের নিচু ফুল টস লং-অফের ওপর দিয়ে ছক্কায় ওড়ালেন টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটসম্যান। এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন সঙ্গী তিলাক ভার্মা। পরে সুরিয়াকুমার হেলমেট খুলে, ব্যাট উঁচিয়ে সারলেন উদযাপন।

দারুণ এক সেঞ্চুরিতে মুম্বাই ইন্ডিয়ান্সকে জেতালেন সুরিয়াকুমার। আইপিএলে সোমবার সানরাইজার্স হায়দরাবাদকে ৭ উইকেটে হারাল পাঁচবারের চ্যাম্পিয়নরা। 

ওয়াংখেড়ে স্টেডিয়ামে ১৭৪ রানের লক্ষ্য ১৬ বল হাতে রেখেই পেরিয়ে যায় মুম্বাই।

৫১ বলে ৬ ছক্কা ও ১২ চারে অপরাজিত ১০২ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা সুরিয়াকুমার।

চলতি আসরে প্রথম ও সব মিলিয়ে আইপিএলে তার দ্বিতীয় সেঞ্চুরি এটি। গত বছর মুম্বাইয়ের হয়েই প্রথমটি করেছিলেন গুজরাট টাইটান্সের বিপক্ষে, ৪৯ বলে খেলেছিলেন অপরাজিত ১০৩ রানের ইনিংস। 

ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে মুম্বাইয়ের হয়ে একাধিক সেঞ্চুরি করা দ্বিতীয় ক্রিকেটার তিনি। দলটির জার্সিতে তার সমান দুটি সেঞ্চুরি আছে রোহিত শার্মারও।

টি-টোয়েন্টি ক্রিকেটে সুরিয়াকুমারের ষষ্ঠ সেঞ্চুরি এটি।

রান তাড়ায় এদিন ২৬ থেকে ৩১ রানের মধ্যে টপ অর্ডারের তিন ব্যাটসম্যান ইশান কিষান, রোহিত শার্মা ও নামান ধিরকে হারিয়ে চাপে পড়ে যায় মুম্বাই। সেখান থেকে তিলাককে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নেন সুরিয়াকুমার। 

মুখোমুখি প্রথম ৫ বলে অবশ্য কোনো রান করতে পারেননি তিনি। এরপর ভুবনেশ্বর কুমারকে চমৎকার শটে চার মেরে ডানা মেলে দেন ৩৩ বছর বয়সী ব্যাটসম্যান। ফিফটি করেন ৩০ বলে। 

একটা পর্যায়ে জয়ের জন্য মুম্বাইয়ের দরকার যখন ২১, সেঞ্চুরির জন্য সুরিয়াকুমারের লাগে ১৮ রান। এরপর প্যাট কামিন্সের টানা তিন বলে দুটি চার ও একটি ছক্কা মারেন তিনি। 

পরের ওভারে নাটারাজানের প্রথম বলে এক রান নিয়ে তিলাক স্ট্রাইক দেন সুরিয়াকুমারকে। পরের বলেই তার ওই ছক্কা, সেঞ্চুরি এবং ম্যাচের সমাপ্তি।

৭৯ বলে ১৪৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে সুরিয়াকুমার একাই করেন ১০২ রান। ৩২ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন তিলাক।