২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

প্যালেসের মাঠে বিপর্যস্ত ম্যানচেস্টার ইউনাইটেড

বিব্রতকর এই হারে উয়েফা কনফারেন্স লিগের টিকেট পাওয়ার লড়াইয়েও পিছিয়ে পড়ল এরিক টেন হাগের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2024, 03:13 AM

Updated : 01 Sep 2026, 09:04 PM

ম্যানচেস্টার ইউনাইটেডের পথচলা দিনে দিনে যেন আরও খারাপ হচ্ছে। যার আরেকটি প্রমাণ মিলল সোমবার রাতে। প্রথম পর্বের হারের প্রতিশোধ নেবে কী, উল্টো তারা খেলল ভীষণ সাদামাটা ফুটবল। প্রতিপক্ষের বিবর্ণতার সুযোগে বিশাল এক জয় তুলে নিল ক্রিস্টাল প্যালেস।

ওল্ড ট্র্যাফোর্ডে প্রিমিয়ার লিগের ম্যাচে প্রতিপক্ষের উজ্জীবিত ফুটবলের সামনে কোনো প্রতিরোধই গড়তে পারেনি এরিক টেন হাগের দল, হেরে গেছে ৪-০ গোলে।

এই নিয়ে লিগে সবশেষ ১০ ম্যাচের চারটিতে হারল ইউনাইটেড; বাকি ছয় ম্যাচের চারটি ড্র, জিতেছে মাত্র দুটি।

দুই অর্ধে দুটি করে গোল করে প্যালেস। দ্বাদশ মিনিটে বক্সের মাঝামাঝি থেকে বাঁ পায়ের শটে দলকে এগিয়ে নেন ফরাসি মিডফিল্ডার ওলিসে। ৪০তম মিনিটে তারই স্বদেশি ফরোয়ার্ড জ্যঁ-ফিলিপে মাতেতার গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় প্যালেস।

৫৮তম মিনিটে ইংলিশ ডিফেন্ডার টাইরিক মিচেল ব্যবধান আরও বাড়ালে সফরকারীদের ঘুরে দাঁড়ানোর আশা ফিকে হয়ে যায়। আর আট মিনিট পর দারুণ নৈপুণ্যে নিজের দ্বিতীয় গোলে জয়টা একরকম নিশ্চিতই করে ফেলেন ওলিসে। ডান দিক থেকে বক্সে ঢুকে জোরাল উঁচু শটে গোলটি করেন তিনি।

বিব্রতকর এই হারে উয়েফা কনফারেন্স লিগের টিকেট পাওয়ার লড়াইয়েও পিছিয়ে পড়ল এরিক টেন হাগের দল।

এবারের লিগে ইউনাইটেডের এটা ১৩তম হার। ৩৫ ম্যাচে ১৬ জয় ও ৬ ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে আট নম্বরে আছে তারা। তাদের সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধান এগিয়ে সপ্তম স্থানে চেলসি।

৫৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে নিউক্যাসল ইউনাইটেড।

গত সেপ্টেম্বরে প্যালেসের বিপক্ষে ঘরের মাঠে ১-০ গোলে হেরেছিল ইউনাইটেড। হারল আবারও। তাদের এমন ছন্নছাড়া পারফরম্যান্সে দারুণ এক কীর্তি গড়ল প্যালেস; এবারই প্রথম প্রিমিয়ার লিগের কোনো আসরে প্রতিযোগিতাটির সফলতম দলটির বিপক্ষে দুই লেগেই জিতল প্যালেস।

৩৬ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে প্যালেস।