২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গরমে জ্বলছে রাজশাহী, বৃষ্টি কামনায় নামাজ

আবহাওয়া অধিদপ্তর বলছে, ২২ এপ্রিলের আগে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

গরমে জ্বলছে রাজশাহী, বৃষ্টি কামনায় নামাজ

বৃষ্টির আশায় রাজশাহী তেরখাদিয়া বিভাগীয় স্টেডিয়ামে বিশেষ নামাজ পড়া হয়।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2023, 09:31 PM

Updated : 19 Apr 2023, 10:05 PM

টানা দুই সপ্তাহের তাপপ্রবাহে জ্বলেপুড়ে যাচ্ছে রাজশাহী। ঠাঠা রোদে চৌচির ধান ক্ষেত। পানির স্তর নেমে যাওয়ায় সংকট পৌঁছেছে আরও চরমে। এর মধ্যে ধানের পাশাপাশি আম ও লিচু বাগানেও সেচ দেওয়ার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।

বৃষ্টির কামনায় বিভিন্ন জেলার পাশাপাশি বিশেষ নামাজও আদায় করা হয়েছে শহরের স্টেডিয়ামে। তবে ২২ এপ্রিলের আগে বৃষ্টির সম্ভাবনা দেখতে পারছে না আবহাওয়া অধিদপ্তর।

গত সোমবার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার তা ছিল ৪২ ডিগ্রি।

আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিন জানান, বুধবার রাজশাহীতে বিকেল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আদ্রতা ছিল ১৬ শতাংশ।

তিনি বলেন, “আরও দুই থেকে তিন দিন এ অঞ্চলে চলবে এমন তাপপ্রবাহ। আগামী ২২ তারিখের আগে বৃষ্টির সম্ভাবনা নেই।”

বিপাকে কৃষক

১৫ দিনের তাপপ্রবাহে চরম বিপদে পড়েছেন বরেন্দ্র অঞ্চলের কৃষকরা। ধান গাছ নষ্টের শঙ্কায় চাষিরা। রোগ-বালাইয়ের সংক্রমণের শঙ্কা ছড়িয়েছে তাদের মনে।

বৃষ্টি না হওয়ায় নেমে গেছে ভূ-গর্ভস্থ পানির স্তর। ফলে সেচেও ঘটছে ব্যাঘাত।

কৃষকরা বলছেন, এখন স্বাভাবিক সময়ের তুলনায় বেশি সেচ প্রয়োজন। কিন্তু পানির স্তর নেমে যাওয়ায় বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকূপ দিনের বেলায় থাকছে বন্ধ। রাতে দিনে ছয় ঘণ্টার লোডশেডিংও বিঘ্ন ঘটাচ্ছে সেচে।

১০ দিন ধরে চেষ্টা করেও বোরো ধানে সেচের পানি দিতে পারেননি পবা উপজলোর মদনহাটি গ্রামের চাষি সাদিকুল ইসলাম। তার জমি ফেটে গেছে।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আব্দুল লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই সময় ধানের গোড়ায় দুই ইঞ্চি পানি ধরে রাখতে পারা জরুরি। আম ও লিচু চাষিদেরও পরামর্শ দেওয়া হচ্ছে গোড়ায় পানি দেওয়াসহ গাছে পানি স্প্রে করার জন্য।”

কৃষি বিভাগের হিসাবে, এ বছর জেলায় ৬৮ হাজার ৬০০ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। ১৯ হাজার ৫৭২ হেক্টর জমিতে আম এবং প্রায় ৫০০ হেক্টর জমিতে হয়েছে লিচু চাষ।

বিশেষ নামাজ

সকাল সাড়ে ৯টায় রাজশাহী তেরখাদিয়া বিভাগীয় স্টেডিয়ামে ‘ইসতিকসার’ নামে বিশেষ এই নামাজের আয়োজন করে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি রাজশাহী জেলা শাখা। এতে ইমামতি করেন ইমাম সমিতির রাজশাহী জেলা শাখার সাধারাণ সম্পাদক আফজাল হোসেন হামিদী।

নামাজ শেষে আফজাল হোসেন হামিদী বলেন, “আল্লাহর কাছে আমরা ক্ষমা চেয়ে এই সালাত আদায় করেছি। নামাজ শেষে আল্লাহর রহমতের বৃষ্টির জন্য দোয়া করেছি।”