সন্তানদের কান্না শুনে দরজা ভেঙে উদ্ধার মায়ের ঝুলন্ত লাশ
“শুনেছি স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল।”
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে উপজেলার তোয়াকুল ইউনিয়নের ফুলতৈলছগাম গ্রামের নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ জানিয়েছেন।
মৃত ৩০ বছর বয়সী হুসনেআরা বেগম ওই গ্রামের সৌদি আরব প্রবাসী ছয়দুর রহমানের স্ত্রী।
এই দম্পতির সংসারে প্রীতি নামে চার বছরের মেয়ে এবং লাবীব নামে তিন বছরের ছেলে সন্তান রয়েছে।
হুসনেআরার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, শনিবার রাতে হুসনেআরা তার দুই সন্তান নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। সকালে দরজা বন্ধ ঘরে নাতি-নাতনিদের কান্না শুনে তার শাশুড়ি ডাকাডাকি শুরু করেন।
“সাড়া না পেয়ে পাশের বাড়ির লোকজন এনে দরজা ভেঙে হুসনেআরার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন।”
নিহতের পরিবার মামলা করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এ পুলিশ কর্মকর্তা জানান।
ওসি সরকার তোফায়েল আহমেদ বলেন, “স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল বলে আপাতত শুনেছি। বিস্তারিত পরে জানা যাবে।’’
