জাবিতে শিক্ষার্থীকে ‘ধর্ষণ চেষ্টা’, গ্রেপ্তার ২
ঘটনার সঙ্গে জড়িত আরেকজন পালিয়ে যায় বলে বাদীর ভাষ্য।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে ‘ধর্ষণ চেষ্টার’ মামলায় দুই বহিরাগত যুবককে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডের এলাকায় ওই ঘটনা ঘটে বলে জানান আশুলিয়া থানার এসআই নূর আলম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সাভারের লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) ক্যাফেটেরিয়ায় চতুর্থ শ্রেণির কর্মচারী নাজমুল হাসান (৩২) এবং একই প্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্পে দৈনিক মজুরির ভিত্তিতে কর্মরত আলামিন (২৮)।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই নূর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মঙ্গলবার আটক দুজনের বিরুদ্ধে ‘নারী ও শিশু নির্যাতন’ আইনে মামলা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। এ মামলায় আরও একজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।”
ঘটনার বর্ণনায় বাদী বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমার এক বন্ধুকে নিয়ে আমি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বোটানিক্যাল গার্ডেনের পাশ দিয়ে বিশ্ববিদ্যালয়ের মনপুরা এলাকার দিকে যাচ্ছিলাম৷ এ সময় অপরিচিত তিন যুবক আমাদের পথরোধ করে দাঁড়ায়।
“তারা আমাদের সঙ্গে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেয় ও ২০ লাখ টাকা দাবি করে। নাহলে আমাকে শারীরিক হেনস্তা ও মেরে ফেলার হুমকি দেয়।”
ওই ছাত্রীর ভাষ্য, “প্রায় ৩ ঘণ্টা আটকে রাখার পর আমার বন্ধু টাকা আনার কথা বলে কৌশলে বন্ধুদের ফোন করে। এ সময় বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম বরকত হল থেকে একদল শিক্ষার্থী গিয়ে আমাদের উদ্ধার করে।
“সে সময় এক যুবক পালিয়ে যায়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বাকি দুজনকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় সোপর্দ করে।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা (উপনিবন্ধক) জেফরুল হাসান চৌধুরী সজল বলেন, “ঘটনা জানার পর তাৎক্ষণিকভাবে প্রক্টর মহোদয়কে অবহিত করেছি। পরে রেজিস্ট্রার মহোদয়ের অনুমতি সাপেক্ষে শিক্ষার্থীদের হাতে আটকদের পুলিশের সোপর্দ করেছি।”
প্রক্টর আলমগীর কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভুক্তভোগী ওই ছাত্রীর একটি অভিযোগপত্র আমরা পেয়েছি; যদিও থানায় একটি মামলা দায়ের হয়ে গেছে।”
ওই ঘটনায় প্রক্টরিয়াল বডির সদস্যদের কাউকে না পাওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, “আমি ব্যক্তিগতভাবে উপস্থিত হতে পারিনি। কারণ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যের জানাজা শেষ করে আসতে রাত ৮টা পেরিয়ে যায়।”
এর আগে গত ৩ ফেব্রুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে বোটানিক্যাল গার্ডেনে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান, তার পরিচিত মামুনুর রশীদ মামুনসহ কয়েকজনের বিরুদ্ধে।
পরে ভুক্তভোগীর স্বামী ছয়জনকে আসামি করে ঘটনার রাতেই আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
