২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ধর্ষণ মামলায় তরুণের যাবজ্জীবন

ধর্ষণের পর ওই কলেজ ছাত্রী অন্তঃসত্ত্বা হয় বলে জানান পিপি।

টাঙ্গাইলে ধর্ষণ মামলায় তরুণের যাবজ্জীবন

টাঙ্গাইলে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে আদালত প্রাঙ্গণ থেকে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2023, 04:46 PM

Updated : 09 Aug 2023, 05:16 PM

টাঙ্গাইলে কলেজ ছাত্রীকে ধর্ষণের দায়ে এক তরুণকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মাহবুবুর রহমান আসামির উপস্থিতিতে  এ রায় ঘোষণা করেন বলে জানান সরকারি কৌঁসুলি (পিপি) এস আকবর খান।

দণ্ডিত লিটন মিয়া (২৩) মধুপুর উপজেলার পীরগাছা গরম বাজার এলাকার বাসিন্দা।

মামলার বরাত দিয়ে পিপি এস আকবর খান বলেন, লিটন মিয়ার সঙ্গে মধুপুর উপজেলার এক কলেজ ছাত্রী সম্পর্কে জড়ায়। এরপর ২০১৯ সালের ১৬ নভেম্বর লিটন ওই ছাত্রীর বাড়িতে যান এবং বিয়ের কথা বলে তাকে ধর্ষণ করেন।

তিনি বলেন, এরপর ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়। পরে লিটন তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। ২০২০ সালের ১৪ এপ্রিল ছাত্রীর মা বাদী হয়ে থানায় লিটন মিয়া বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন।

পিপি আরও বলেন, এরপর ওই ছাত্রীর ছেলে সন্তান জন্ম দেয়। ওই শিশুর ডিএনএ ও লিটনের ডিএনএ পরীক্ষায় মিলে যায়।

আইনজীবী বলেন, তদন্ত শেষে মধুপুর থানার এসআই ছানোয়ার হোসেন ওই বছর ৩০ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন। সাত জনের সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার আদালত এ রায় দেয়।

রায়ে আদালত আসামি লিটন মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়। 

এ ছাড়া ওই শিশুর ভরণপোষণ রাষ্ট্র বহন করবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।