হবিগঞ্জে মাটির নিচ থেকে হ্যান্ড গ্রেনেড উদ্ধার
ধারণা করা হচ্ছে, এটি মুক্তিযুদ্ধের সময়ের গ্রেনেড।
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মাটির নিচ থেকে একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এটি মুক্তিযুদ্ধের সময়ের গ্রেনেড।
মঙ্গলবার রাত ১১টায় উপজেলার ৯ নম্বর রাণীগাঁও ইউপির পাঁচগাতিয়া গ্রাম থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয় বলে জানান চুনারুঘাট থানার ওসি মো. আলী আশরাফ।
তিনি জানান, পাঁচগাতিয়া গ্রামের বাসিন্দা মৌলানা ছুরত আলীর ছেলে সোহান মিয়া তার বাড়ির আঙিনায় মাটি খোঁড়ার কাজ করছিলেন। এসময় হঠাৎ করে তিনি মাটির নীচে হ্যান্ড গ্রেনেডটি দেখতে পান।
পরে খবর দেওয়া হলে পুলিশ সেখানে পৌঁছে হ্যান্ড গ্রেনেডটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। বুধবার দুপুরে থানা আঙ্গিনায় বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা গ্রেনেডটি নিষ্ক্রিয় করেছে।
ওসি আলী আশরাফ আরও বলেন, “আমরা ধারণা করছি, পরিত্যক্ত অবস্থায় মাটির নিচে পাওয়া এই গ্রেনেড মুক্তিযুদ্ধে ব্যবহৃত হয়েছিল।”
