২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে যুদ্ধাপরাধ মামলার আসামি গ্রেপ্তার

একাত্তরে হত্যা, গণহত্যা, ধর্ষণ, অপহরণ, নির্যাতনের মত মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

ময়মনসিংহে যুদ্ধাপরাধ মামলার আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার মো. নুরুল ইসলাম ওরফে নূরু।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2023, 05:27 PM

Updated : 17 Aug 2023, 05:27 PM

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ফুলপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, বুধবার মধ্যরাতে হালুয়াঘাট উপজেলার মাজরাকূড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. নুরুল ইসলাম ওরফে নূরু (৭৬) ফুলপুর উপজেলার গায়রা গ্রামের বাসিন্দা।

মামলার বরাত দিয়ে ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, ২০২২ সালে নুরুল ইসলাম ওরফে নূরুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হত্যা, গণহত্যা, ধর্ষণ, অপহরণ, নির্যাতন, ধর্মান্তরিত, লুণ্ঠনসহ বিভিন্ন অভিযোগে মামলা হয়। 

তিনি বলেন, ওই মামলায় তার বিরুদ্ধে  আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এরপর থেকে নূরু ঢাকা ও বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।

ওসি আরও বলেন, এ ঘটনার তিনদিন আগে নুরু হালুয়াঘাটের তার এক আত্মীয় বাড়িতে বেড়াতে আসেন। খবর পেয়ে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার নূরুকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।