‘প্রীতির মৃত্যুতে জড়িতদের শাস্তি হলে অন্যরা সাহস পাবে না’
অন্যান্য আদিবাসী সংগঠনের নেতারাও এই আয়োজনের সঙ্গে যুক্ত হন।
ঢাকার মোহাম্মদপুরে বহুতল ভবন থেকে ‘পড়ে’ গৃহকর্মী প্রীতি উরাংয়ের মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন হয়েছে।
বৃহস্পতিবার শ্রীমঙ্গল উপজেলার চৌমোহনায় চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্ট ও ব্রেকিং দ্য সাইলেন্স নামে দুটি সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিত্তিঙ্গা গ্রামের চা শ্রমিক লোকেশ উরাংয়ের ১৫ বছর বয়সী মেয়ে প্রীতি গত দুই বছর ধরে ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাসায় কাজ করে আসছিলেন।
গত ৬ ফেব্রুয়ারি সকালে শাহজাহান রোডের ওই ভবনের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সে সময় স্থানীয়রা ওই বাড়ির ফটকে জড়ো হয়ে ‘মেয়েটিকে হত্যা করা হয়েছে’ অভিযোগ করে বিক্ষোভ শুরু করে।
এ ঘটনায় ‘অবহেলায় মৃত্যুর’ অভিযোগে মামলা করেন প্রীতির বাবা। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে সৈয়দ আশফাকুল হক এবং তার স্ত্রী তানিয়া খন্দকারকে রিমান্ডেও নিয়েছে পুলিশ।
ব্রেকিং দ্য সাইলেন্সের প্রকল্প সমন্বয়কারী পারভেজ কৈরীর সঞ্চালনায় ও মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্টের প্রধান নির্বাহী পরিমল সিং বাড়াইক মানববন্ধনে সভাপতিত্ব করেন।
এতে শ্রীমঙ্গল উপজেলার নারী ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, কালীঘাট ইউনিয়নের মহিলা সদস্য মিতু রায়, সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান, ইসমাইল মাহমুদ, ব্রেকিং দ্য সাইলেন্সের অফিসার-ইন-চার্জ মো. রুবাইয়াৎ ফেরদৌস, মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্টের উপদেষ্টা দিলীপ কুমার কৈরী, মিরতিংগাসহ বিভিন্ন চা বাগানের কিশোর-কিশোরী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পরিমল সিং বাড়াইক তার ব্ক্তব্যে বলেন, “প্রীতির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিচারের আওতায় এনে যেন তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়। তাহলে অন্যরা এ রকম করার সাহস পাবে না।”
মানববন্ধনে অন্য বক্তারাও এই মর্মান্তিক ও রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি তোলেন। এই আয়োজনের সঙ্গে অন্যান্য আদিবাসী সংগঠনের নেতারাও যুক্ত হন।
