প্রথম ট্রেন যাত্রায় কাটা পড়ে কিশোরের মৃত্যু
বোনের বাড়ি যাওয়ার জন্য মোহনগঞ্জ স্টেশন থেকে ময়মনসিংহগামী লোকাল ট্রেনে ওঠে প্রসেনজিৎ; এটাই তার প্রথম ট্রেন যাত্রা ছিল।
নেত্রকোণার বারহাট্টা উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই মো. ফজলুর রহমান জানান, আগের রাতে উপজেলার স্বল্পদশাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ১৪ বছর বয়সী প্রসেনজিৎ চন্দ্র দাস মোহনগঞ্জ উপজেলার বড়তলী গ্রামের শ্রী পরেশ চন্দ্র দাসের ছেলে।
নিহতের পরিবারের বরাতে এএসআই বলেন, “বোনের বাড়ি বারহাট্টার স্বল্পদশালে যাওয়ার জন্য সোমবার মোহনগঞ্জ স্টেশন থেকে ময়মনসিংহগামী লোকাল ট্রেনে ওঠে প্রসেনজিৎ। এটাই তার প্রথম ট্রেন যাত্রা ছিল।
“প্রসেনজিৎ এর বারহাট্টা স্টেশনে নামার কথা থাকলেও সে বোনের বাড়ির কাছে চলন্ত ট্রেন থেকে নেমে পড়ে। এ সময় ট্রেনের নিচে পড়ে তার মাথা থেকে শরীর বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ গিয়ে রাতেই তার লাশ উদ্ধার করে।”
নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই এবং তারা ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে যেতে চাইছেন জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
