রাজশাহীতে সন্তানের সামনে শ্বাসরোধে স্ত্রীকে হত্যার অভিযোগ
ঘটনার পর ওই শিশু ছাড়া বাড়ির সবাই পালিয়ে যায়।
যৌতুকের জন্য পারিবারিক কলহের জেরে রাজশাহীর পবা উপজেলায় শিশু সন্তানের সামনে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার সকাল ৯টার দিকে উপজেলার ভবানীপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান পবা থানার ওসি ফরিদ হোসেন।
নিহত সোনিয়া খাতুন (২২) উপজেলার কইরা গ্রামের হানিফের মেয়ে। তার স্বামীর নাম নাসির। তিনি একই উপজেলার ভবানীপুর পূর্বপাড়া এলাকার বাসিন্দা। তাদের চার বছরের একটি মেয়ে রয়েছে।
স্থানীয়রা জানান, যৌতুকের জন্য সোনিয়ার সঙ্গে নাসিরের পারিবারিক কলহ চলছিল। বুধবার সকালে তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে নাসির মারপিট করে এবং গলা চেপে ধরে শ্বাসরোধ করে সোনিয়ার। এতে তার মৃত্যু হলে তাকে সিলিং ফ্যানে ঝুলানোরও চেষ্টা করে। তাদের মেয়ে সামনে ছিল।
ওসি ফরিদ হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গৃহবধূকে গলা টিপে হত্যা করা হয়েছে। শিশুটি ছাড়া বাড়ির সবাই পালিয়ে গেছে।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে জানা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে।
