২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িয়ে পেয়ে ২ লাখ টাকা ফেরত দিলেন দিনমজুর

বরিশাল নগরীর এই দিনমজুর তার নাম ও পরিচয় প্রকাশ করতে নিষেধ করেছেন।

কুড়িয়ে পেয়ে ২ লাখ টাকা ফেরত দিলেন দিনমজুর

হারানো টাকা বুঝে নেন ব্যবসায়ী শংকর কুমার সাহা

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2022, 11:31 PM

Updated : 09 Aug 2022, 11:31 PM

বরিশালে তিনদিন আগে এক মিল মালিকের হারিয়ে যাওয়া প্রায় দুই লাখ টাকা ফিরিয়ে দিয়েছেন এক দিনমজুর, যিনি নিজের পরিচয় গোপন রেখেছেন।

মঙ্গলবার বিকালে টাকা ফিরে পেয়েছেন বলে ওই টাকার মালিক শংকর কুমার সাহা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, শনিবার বিসিক এলাকার ফ্রেস বেকারি থেকে তাকে এক লাখ ৯০ হাজার টাকা দেয়। ওই টাকা নিয়ে মোটর সাইকেলে করে নগরীর হাটখোলা কার্যালয়ের উদ্দেশে রওনা দেন তিনি।

“বিসিক এলাকার রাস্তা খানা খন্দে ভরা। ফলে ব্যাগ ছিঁড়ে টাকা পড়ে যায়। হাটখোলা গিয়ে দেখতে পাই টাকা নেই।”

তিনি জানান, পথে সব দোকানের সিসিটিভির ভিডিও দেখেও টাকার সন্ধান পাননি। সোমবার দিনভর মাইকিং করা হয়। টাকা ফিরিয়ে দিলে পুরস্কারের ঘোষণাও দেওয়া হয়েছিল।

শংকর সাহা বলেন, “টাকা ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলাম। মঙ্গলবার বেলা ১১টার দিকে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর একেএম মতুর্জা আবেদীন ফোন করে টাকা হারানোর বিষয়ে জানতে চান। টাকার পরিমাণ নিশ্চিত হয়ে বিকালে তার কার্যালয়ে গিয়ে নিয়ে আসতে বলেন।”

তিনি আরও বলেন, টাকা কুড়িয়ে পাওয়া ব্যক্তি গরিব দিনমজুর। তার পরিচয় জানাতে নিষেধ করেছেন। তাই কাউন্সিলর তার পরিচয় জানাননি।

তাকে দেখেননি বলেও জানান ওই ব্যবসায়ী।

শংকর বলেন, “বর্তমানে এ ধরনের মানুষ বিরল। আমি ভগবানের কাছে প্রার্থনা করছি, লোকটি যেন সব সময় ভালো থাকেন।”

নগরীর ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর একেএম মতুর্জা আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টাকা কুড়িয়ে পাওয়া ব্যক্তি দিনমজুর। টাকা পেয়ে বাসায় নিয়ে যান। মালিকের সন্ধান করতে থাকেন। মাইকিং শুনে স্থানীয় কাউন্সিলর হিসেবে তার কাছে জমা দিয়েছেন।