২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমার সবকিছুতে রাজি, কিন্তু একটা রোহিঙ্গাও নেয়নি: পররাষ্ট্রমন্ত্রী

“তাদের নিজেদের কিছু করার মুরোদ নেই, কিন্তু খুঁত বের করায় ওস্তাদ।“

মিয়ানমার সবকিছুতে রাজি, কিন্তু একটা রোহিঙ্গাও নেয়নি: পররাষ্ট্রমন্ত্রী

সিলেটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2022, 07:41 PM

Updated : 18 Dec 2022, 07:41 PM

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সবকিছু করতে ‘রাজি’ আছে মুখে বললেও তাদের ‘আন্তরিকতার অভাব’ রয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, “মিয়ানমার কিন্তু কখনোই বলেনি রোহিঙ্গাদের নেবে না। আমরা তাদের বলেছি, তোমরা নিয়ে যাও। তারা বলছে, নেব। আমরা বলেছি, এদের নিয়ে তোমরা নিরাপত্তা দেবে। তারা বলছে, দেবে। আমরা বলেছি, তোমাদের দেশে এরা যাতে স্বেচ্ছায় যেতে পারে, সেই ব্যবস্থা করো। বলছে, করবো। সবকিছুতেই রাজি।” 

“কিন্তু এখনও পর্যন্ত, পাঁচ বছর পার হয়েছে, একটাও লোক নেয়নি। একটা রোহিঙ্গাও ফেরত যায়নি। ওদের (মিয়ানমার) আন্তরিকতার অভাব আছে।” 

রোববার সিলেট নগরীর ধোপাদীঘিরপাড়ের হাফিজ কমপ্লেক্সে আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মধ্যে হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। 

রোহিঙ্গা প্রসঙ্গ উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “রোহিঙ্গারা কদিন পরে পরে আমাদের দেশে আসে। সত্তর দশকে আসছে, আশির দশকে, নব্বইয়ের দশকে আসছে। পরবর্তী সময়ে মিয়ানমার সরকার তাদের নিয়েও গেছে, আলাপ-আলোচনার মধ্য দিয়ে। এবারে সংখ্যাটা অনেক বেশি। একেবারে এগার লক্ষ।”

তাদের প্রত্যাবাসনে সরকার নানাদিক থেকে চেষ্টা করছে উল্লেখ করে মোমেন বলেন, “আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে এটা শুধু আমাদের একার দায়িত্ব না। বিশ্ব মোড়লদেরও দায়িত্ব আছে। আমরা বিশ্ব মোড়লদের বলেছি, আপনারা একটা কাজ করেন, রাখাইনে যেখানে রোহিঙ্গারা ছিল, সেখানে আপনারা নিরাপদ জোন তৈরি করুন। আপানারা চাইলে পারবেন। কিন্তু উনারা মুখে বলে, কিন্তু সেই ধরনের আন্তরিকতার কিছুটা ঘাটতি আছে। তবে আমি সবসময় আশাবাদী যে, তারা তাদের দেশে ফেরত যাবে।”

মন্ত্রী আরও বলেন, “আমরা নতুন একটা প্রজেক্ট নিয়েছি। সব যদি নাও যেতে পারে, কিছু লোককে তারা অন্য দেশে (পাঠাক)। আমাদের দেশ খুবই ঘনবসতিপূর্ণ। এখানে প্রতি বর্গমাইলে প্রায় ২৯০০ লোক থাকে। আর আমেরিকায় মাত্র ৪০ জন থাকে। ইউরোপে মাত্র ১৫ থেকে ২৫ জন লোক থাকে। ওদের দেশটা অনেক বড়।”

“পৃথিবীটা আল্লাহর তৈরি, সব মানুষের অধিকার আছে বাঁচার। তাই আমরা উনাদেরকে বলেছি, আপনারা কিছু লোক নিয়ে যান। কিছু লোক নেওয়া শুরু হয়েছে। তবে এগুলো সমুদ্রের মধ্যে বিন্দুর মতো।”

মোমেন বলেন, “রোহিঙ্গা সমস্যা মিয়ানমার শুরু করেছে, এর সমাধানও তাদের ওপর সবচেয়ে বেশি নির্ভরশীল।”

এ সময় মন্ত্রী সমালোচকদের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, “রোহিঙ্গাদের জন্য প্রতি বছর মিলিয়ন মিলিয়ন ডলার খরচ হচ্ছে। বন্ধু রাষ্ট্রগুলোও সাহায্য করছে, তবে সবচেয়ে বেশি করছে বাংলাদেশ। তারপরও কিছু লোক সমালোচনা করে। তাদের নিজেদের কিছু করার মুরোদ নাই, কিন্তু খুঁত বের করায় ওস্তাদ।“

এ সময় সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্ম সম্পাদক আজাদুর রহমান আজাদ উপস্থিত ছিলেন।