ঝালকাঠি-২: লাঙ্গলের প্রার্থীর সঙ্গ ছাড়ল জেলা জাতীয় পার্টি
মনোনয়ন পাওয়ার পর থেকে নাসির উদ্দিন ইমরান প্রচারে অংশ নিচ্ছেন না বলে জেলা পার্টি অভিযোগ করলেও তা অস্বীকার করেছেন তিনি।
ঝালকাঠি-২ আসনে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গলের প্রার্থীর নির্বাচনি কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ঝালকাঠি জেলা জাতীয় পার্টি।
মঙ্গলবার জেলা পার্টির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
ঝালকাঠি সদর-নলছিটি নিয়ে গঠিত এই আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন দলের চেয়ারম্যানের উপদেষ্টা মো. নাসির উদ্দিন ইমরান।
জেলা পার্টির অভিযোগ মনোনয়ন পাওয়ার পর তিনি এলাকায় প্রচারে অংশ নিচ্ছেন না এবং দলের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গেও যোগাযোগ করেননি। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন নাসির উদ্দিন ইমরান।
মঙ্গলবার জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল আলীমের পাঠানো বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মনোনয়নপত্র দাখিলের পর জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. নাসির উদ্দিন ইমরান আদৌ তার নির্বাচনি এলাকায় (ঝালকাঠি সদর ও নলছিটি) এলাকায় কোনো উপস্থিতি ও জনসংযোগসহ নির্বাচনি কার্যক্রমে অংশগ্রহণ করেননি।
সে কারণে সোমবার থেকে ঝালকাঠি জেলা, উপজেলা ও পৌর জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠন লাঙল মার্কার প্রার্থী মো. নাসির উদ্দিন ইমরানের নির্বাচনি কার্যক্রমে অংশগ্রহণ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার ঝালকাঠি জেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানান হয়েছে।
এ সভায় সাবেক জেলা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রহমান, জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল আলিম, সহসভাপতি মো. মাহাবুবুর রহমান, মো. আনোয়ার হোসেন তালুকদার, একেএম মো. বেলায়েত হোসেন, জেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি সোহানুর রহমান সোহাগ, জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মো. কবির হোসেন আকন, জেলা জাতীয় যুবসংহতির যুগ্ম আহ্বায়ক আশ্রাফুল ইসলাম শাকিল, জেলা জাতীয় ছাত্রসমাজের আহ্বায়ক মিজানুর রহমান শিপনসহ জেলা, উপজেলা ও পৌর কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল আলিম বলেন, “মনোনয়ন পাওয়ার পর থেকেই তিনি মাঠে নেই। আমাদের সঙ্গেও যোগাযোগ রাখছেন না। তাই বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।”
তবে মাঠে না থাকার অভিযোগ অস্বীকার করে লাঙল প্রতীকের প্রার্থী মো. নাসির উদ্দিন ইমরান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মনোনয়নের পর থেকে আমি এলাকায় আমার সাধ্যমতো প্রচার চালিয়ে যাচ্ছি। কিন্তু হয়ত জেলার জাতীয় পার্টির নির্দেশনা মতো প্রচার চালাতে পারছি না।”
জাতীয় পার্টির মনোনীত এই প্রার্থী আরও বলেন, “এখন আমার সঙ্গে না থাকলে তো কিছু করার নাই। জেলায় জাতীয় পার্টি ও আমার হাজার হাজার সমর্থক রয়েছেন, আমি তাদের নিয়ে নির্বাচনের প্রচার চালিয়ে যাব।”
দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনে ঝালকাঠি-২ আসনটিতে আওয়ামী লীগের নৌকায় আমির হোসেন আমু, ন্যাশনাল পিপলস পার্টি থেকে মো. ফোরকান এবং জাতীয় পার্টির মো. নাসির উদ্দিন ইমরানসহ মোট তিনজন প্রার্থী হয়েছেন।
