মাইটিভির চেয়ারম্যান সাথীকে গ্রেপ্তার দেখানো হল জুলাইয়ের ছাত্র হত্যা মামলায়
নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার না দেখানোর পক্ষে শুনানি করেন ঢাকা বারের সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়া।
জুলাই আন্দোলনের সময় রাজধানীর মিরপুর-১০ গোলচত্বর এলাকায় স্কুলছাত্র মাহফুজুর রহমানকে হত্যার মামলায় মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে আদালত।
তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম আরিফুল ইসলাম বৃহস্পতিবার এ আদেশ দেন বলে প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম জানান।
মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই আব্দুল ওহিদ গত ১৩ অক্টোবর নাসির উদ্দিন সাথীকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত তখন শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করে দিয়েছিল। সে অনুযায়ী সাথীকে এদিন আদালতে হাজির করা হয়।
শুনানিতে তদন্ত কর্মকর্তা তাকে গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি তুলে ধরেন। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মো. কামরুজ্জামান স্বপনও আবেদনের পক্ষে শুনানি করেন।
তিনি বলেন, “আসামি মাইটিভির চেয়ারম্যান এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। আন্দোলনের সময় নিজের টিভি চ্যানেলে আন্দোলনের খবর তুলে না ধরে অন্য বিষয় তুলে ধরেন।
“এ আসামি ঘটনার সাথে জড়িত মর্মে তদন্তে উঠে এসেছে। তদন্ত কর্মকর্তা গ্রেপ্তার দেখানোর আবেদন করেছেন। তাকে গ্রেপ্তার দেখানোর প্রার্থনা করছি।”
অন্যদিকে নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার না দেখানোর পক্ষে শুনানি করেন ঢাকা বারের সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়া।
তিনি বলেন, “এ আসামি গত বছরের অগাস্ট মাস থেকে গ্রেপ্তার হয়ে জেলে আছেন। এক বছরের বেশি সময় ধরে জেলে। এতদিনেও খবর হয়নি গ্রেপ্তার দেখানোর। আওয়ামী লীগে তার কোনো পদ-পদবি নেই। তিনি অসুস্থ। তাকে গ্রেপ্তার না দেখানোর প্রার্থনা করছি।”
মামলার বিবরণে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর-১০ গোলচত্বর এলাকায় আন্দোলনে অংশ নেয় আলহাজ আব্বাস উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মাহফুজুর রহমান। ওই দিন দুপুরের দিকে গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়।
ওই ঘটনায় ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়।
২০২৫ সালের ১৭ অগাস্ট রাজধানীর গুলশান এলাকা থেকে নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে পুলিশ। তার আইনজীবী সোহরাব হোসেন রুবেল জানিয়েছেন, এখন পর্যন্ত তাকে পাঁচটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
