২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

“শিশু বয়স থেকেই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে”

ইউনিসেফ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অংশীদারত্বে দুই দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়।

“শিশু বয়স থেকেই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে”

শনিবার থেকে নীলফামারীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী শিশু সাংবাদিকতার কর্মশালা।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2022, 10:35 PM

Updated : 22 Oct 2022, 10:35 PM

নীলফামারীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী শিশু সাংবাদিকতার কর্মশালা।

শনিবার সকাল ১০টায় জেলা শহরের উদায়ঙ্কুর সেবা সংস্থার আখতারুল হাবিব প্রশিক্ষণ কেন্দ্রে কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ পৌরসভা সমিতির সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ।

ইউনিসেফ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অংশীদারত্বে দুই দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে শিশু সাংবাদিকতার বিশ্বের প্রথম সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র দেওয়ান কামাল আহমেদ বলেন, “গণমাধ্যম যেমন একটি দেশের চতুর্থ স্তম্ভ তেমনি একটি জাতির চতুর্থ স্তম্ভ হচ্ছেন সাংবাদিকরা। এই পেশায় যারা কাজ করবে তাদের সত্য ও ন্যায়ের পথে থাকতে হবে। তাহলে উপকৃত হবে রাষ্ট্র ও সমাজ।”

“আমাদের দেশের যেকোনো উন্নয়নে বড় বাধা অনিয়ম ও দুর্নীতি। যতদিন না এই দুর্নীতি-অনিয়ম শূন্যের কোঠায় নামবে ততদিন পর্যন্ত দেশের শতভাগ উন্নয়ন সাধিত হবে না।”

শিশু বয়স থেকেই সবাইকে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে মেয়র আরও বলেন, “দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার থাকতে হবে। সেটা শুরু করতে হবে পরিবার থেকে। শিশুদের অপরাধমূলক কাজ থেকে দূরে থাকতে হবে। প্রতিটি পরিবারের শিশুকে সঠিক নৈতিক শিক্ষা দিতে হবে অভিভাবকদের।”

“আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত; তাই শিশুরা সঠিক শিক্ষা গ্রহণ করে সমাজ ও রাষ্ট্রের কল্যাণকর কাজে নিজেকে সমর্পণ করবে সেই প্রত্যাশা করছি।”

বিশেষ অতিথির বক্তৃতায় অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল ইসলাম বলেন, “আমরা শিশুকাল ভুলে গেছি। কারণ, অনেক আগেই পার হয়ে গেছে আমাদের শিশুকাল। আমরা চাইলে আর শিশু বয়সে ফিরে যেতে পারব না। তোমরা যারা আজ এই প্রশিক্ষণে অংশ নিয়েছ সবাই শিশু। তোমারাই পারবে তোমাদের সমস্যাগুলো চিহ্নিত করতে।”

“একজন শিশু কিভাবে অন্য শিশুদের কথা তুলে ধরবে এবং কোন মাধ্যমে তুলে ধরলে দ্রুত সমস্যা কর্তৃপক্ষের নজরে আসবে সেটা জানাতে এই কর্মশালা তোমাদের অনেক সাহায্য করবে।”

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, “যারা দুই দিনের এই প্রশিক্ষণ গ্রহণ করছ তা কাজে লাগিয়ে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে লেখালেখি করলেই তোমাদের প্রশিক্ষণ স্বার্থক হবে।”

নীলফামারী প্রেসক্লাবের সহসভাপতি ভুবন রায় নিখিলের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য দেন জেলা পরিষদের সংরক্ষিত সদস্য সাংবাদিক ইসরাত জাহান পল্লবী, হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নির্বাহী সম্পাদক সুলাইমান নিলয়। কর্মশালায় স্বাগত বক্তব্য দেন হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নীলফামারী জেলা সমন্বয়কারী বিজয় চক্রবর্তী কাজল।

আয়োজকরা জানান, দুই দিনব্যাপী এই কর্মশালায় নীলফামারী জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে অধ্যয়নরত ২০ জন শিশু অংশ নিয়েছে।

মৌলিক সাংবাদিকতার ধারণা, সংবাদ ও ফিচার লিখন, শিশু সাংবাদিক হিসেবে কাজ করার সমস্যা ও সমাধান, মোবাইল ফোনে সংবাদ ও ভিডিও প্রতিবেদন তৈরিসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে এই কর্মশালায়।

রোববার প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে বলে জানান আয়োজকরা।

শিশুদের নিয়ে শিশুদের জন্য বিশেষায়িত ওয়েবসাইট হ্যালোর (https://hello.bdnews24.com/) যাত্রা শুরু হয় ২০১৩ সালের ৩১ মার্চ। হ্যালোর জন্য সংবাদ সংগ্রহ থেকে পরিবেশন পর্যন্ত সব কাজেই যুক্ত রয়েছে শিশু ও কিশোর সাংবাদিকরা।

সংবাদভিত্তিক এই ওয়েবসাইটটি পরিচালনা করছে দেশের প্রথম ইন্টারনেট সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

যার বয়স এখনও ১৮ বছর হয়নি, যে লিখতে পারে, শিশুদের কথা সবাইকে বলার আগ্রহ যার আছে, সেই যুক্ত হতে পারে হ্যালোর শিশু সাংবাদিকের দলে। 

আরও পড়ুন:

চা শ্রমিকের সন্তানদের নিয়ে সিলেটে শিশু সাংবাদিকতার কর্মশালা

খুলনায় শিশু সাংবাদিকতায় ২ দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু

খুলনায় শিশুদের সাংবাদিকতার প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

'শিশু অধিকার রক্ষার অ্যাম্বাসেডর হবে হ্যালোর সাংবাদিকরা'

 বাগেরহাটে শিশু সাংবাদিকদের দুই দিনব্যাপী কর্মশালা শুরু