২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় শিশুদের সাংবাদিকতার প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

ইউনিসেফের সহযোগিতায় হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এ কর্মশালায় আয়োজন করে।

খুলনায় শিশুদের সাংবাদিকতার প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2022, 06:04 PM

Updated : 15 Oct 2022, 07:16 PM

খুলনা শহরে শিশুদের সাংবাদিকতার ওপর দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। 

শহরের গল্লামারী সরকারি মৎস্য-বীজ উৎপাদন খামার মিলনায়তনে শুক্রবার এই কর্মশালা শুরু হয়। প্রশিক্ষণ শেষে শনিবার বিকালে সনদপত্র দেওয়া হয়। 

বাংলাদেশ টেলিভিশনের খুলনা প্রতিনিধি নাজমুল হক লাকি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ বিতরণ করেন। 

শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের খুলনা প্রতিনিধি ও হ্যালোর জেলা তত্ত্বাবধায়ক শুভ্র শচীন। 

ইউনিসেফ-এর সহযোগিতায় হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম আয়োজিত কর্মশালায় খুলনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০ জন শিশু-কিশোর অংশ নেয়। 

কর্মশালায় মৌলিক সাংবাদিকতার ধারণা, সংবাদ ও ফিচার লিখন, শিশু সাংবাদিক হিসেবে কাজ করার সমস্যা ও সমাধান, মোবাইল ফোনে সংবাদ ও ভিডিও প্রতিবেদন তৈরিসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। 

Image

সনদপত্র গ্রহণ করছে এক প্রশিক্ষণার্থী

প্রশিক্ষণ দেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রযোজক (মাল্টিমিডিয়া) ইমরান হোসেন রাকিব। 

কর্মশালা শেষে শিশু সাংবাদিকরা ৭১-এর মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন খুলনার গল্লামারি বধ্যভূমিতে নির্মিত স্মৃতিসৌধে শ্রদ্ধা জানায়। 

শিশুদের জন্য শিশুদের নিয়ে পরিচালিত বিশেষায়িত ওয়েবসাইট হ্যালোর (https://hello.bdnews24.com/) যাত্রা শুরু হয় ২০১৩ সালের ৩১ মার্চ। হ্যালোর জন্য সংবাদ সংগ্রহ থেকে পরিবেশন পর্যন্ত সব কাজেই যুক্ত রয়েছে শিশু ও কিশোর সাংবাদিকরা। 

সংবাদভিত্তিক এই ওয়েবসাইটটি পরিচালনা করছে দেশের প্রথম ইন্টারনেট সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।