রাজশাহীতে বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত
সংঘর্ষে মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে যায়।
রাজশাহীর পুঠিয়া উপজেলায় যাত্রীবাহী বাসে সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার পুঠিয়া-তাহেরপুর সড়কের কাঁচুপাড়া হোসেনের বটতলায় এ ঘটনা ঘটে বলে পুঠিয়া থানার ওসি সাইদুর রহমান জানান।
নিহতরা হলেন- ওই উপজেলার তেতুলিয়া গ্রামের আক্কাস আলীর ছেলে মহব্বত আলী (২৫) ও একই গ্রামের জেকের আলীর ছেলে আবু সাঈদ (২২)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি সাইদুর বলেন, সকালে তাহেরপুর থেকে এম পি সাফারি পরিবহনের একটি বাস পুঠিয়ার দিকে যাচ্ছিল। এ সময় বিপরিত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের দুই আরোহী মারা যান।
তিনি আরও বলেন, সকালে কিছুটা কুয়াশা ছিল। এর মধ্যে মোটরসাইকেলের গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা খায়।
ঘটনার পর থেকে বাসের চালক ও তার সহকারী পলাতক রয়েছেন। বাস জব্দ করে থানায় নেওয়া হয়েছে।
এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
