২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় পানির মূল্যবৃদ্ধি, ক্ষুব্ধ পৌরবাসী

ইটাগাছা মানিকতলা সড়কের বাসিন্দা আলী নূর খান বাবুলকে এপ্রিল মাসের বিল দেওয়া হয় ১০০ টাকা; আর মে মাসের বিল দেওয়া হয় ৪০০ টাকা।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2023, 10:47 PM

Updated : 25 Jun 2023, 11:46 PM

সাতক্ষীরা পৌরসভায় হঠাৎ পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণ অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা নাগরিক কমিটি। 

রোববার সকালে পৌরসভার সামনে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি চলাকালে বক্তারা পানির বিল পরিশোধ না করার ঘোষণা দেন।  

এছাড়া আগামী দুই সপ্তাহের মধ্যে বর্ধিত বিল প্রত্যাহার করা না হলে ১২ জুলাই সাতক্ষীরা পৌরসভা ঘেরাও কর্মসূচিও ঘোষণা করা হয় সভা থেকে। 

কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা নাগরিক কমিটির আহবায়ক শেখ আজাদ হোসেন বেলাল। 

সমাবেশে বক্তারা বলেন, গণ শুনানির মাধ্যমে নাগরিকদের সঙ্গে আলাপ আলোচনা সাপেক্ষে বিল বৃদ্ধির প্রস্তাবনা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়ার পর তা কার্যকরের বিধান রয়েছে। কিন্তু সাতক্ষীরা পৌরসভা মন্ত্রণালয়ের কোনো অনুমোদন না নিয়েই আকস্মিকভাবে ‘প্রায় চারগুণ’ বৃদ্ধি করেছে। 

বক্তাদের অভিযোগ, সাতক্ষীরা পৌরসভার পানির গ্রাহকের অনেকেই বছরের পর বছর পানি পায় না। অর্ধেকের বেশি গ্রাহক অনিয়মিতভাবে পানি পেলেও তা ব্যবহার অযোগ্য। পানি সরবরাহ শাখার নিয়মিত ও মাস্টাররোলের কর্মচারীর অধিকাংশ শুধু বসে বসে বেতনই নেন না, বরং অনেকে পানির তালিকাবর্হিভূত ভূয়া গ্রাহকদের কাছ থেকে মাসোহারাও আদায়ে ব্যস্ত থাকেন। 

বক্তারা আরও বলেন, মিটার না থাকায় সাতক্ষীরা পৌর এলাকার ১০ ইউনিটের একটি ৫ তলা ভবনের এক ইঞ্চি পানির লাইনের মাসিক বিল এবং দুই রুমবিশিষ্ট একটি টিনশেড বাড়ির পানির বিল একই হারে নির্ধারিত হয়ে আসছে। 

বড় ভবনের মালিকরা মেশিন লাগিয়ে পাইপলাইন থেকে সরাসরি পানি টেনে নেওয়ায় যাদের মেশিন নেই তারা পৌরসভার সরবরাহ করা পানি থেকে বঞ্চিত হন, অভিযোগ তাদের। 

বক্তারা এসব সমস্যার সমাধান করে সুপেয় ও ব্যবহারযোগ্য পানির নিয়মিত সরবরাহ নিশ্চিত করে পুনরায় গণশুনানির মাধ্যমে বিল বৃদ্ধির বিষয়টি উপস্থাপন করার আহবান জানান। 

ইটাগাছা মানিকতলা সড়কের বাসিন্দা আলী নূর খান বাবুলকে এপ্রিল মাসের বিল দেওয়া হয় ১০০ টাকা। আর মে মাসের বিল দেওয়া হয় ৪০০ টাকা।    

গণ-অবস্থান কর্মসূচিতে উদীচী শিল্পীগোষ্ঠীর সদস্যরা প্রতিবাদী গান পরিবেশন করেন।

কর্মসূচিতে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ, বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা নুরুল আলম, জেলা জাসদের সভাপতি ওবায়দুস সুলতান বাবলু, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক ইদ্রিশ আলী, উদীচীর জেলা সভাপতি শেখ সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক সুরেশ পান্ডে, সিপিবির সভাপতি আবুল হোসেন, বিপ্লবী ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক মুনসুর রহমান, নদী বাঁচাও আন্দোলনের সভাপতি আদিত্য মল্লিক, নারী নেত্রী ফরিদা আক্তার বিউটি, প্রতীমা দাস, জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, ভূমিহীন নেতা আব্দুস সাত্তার ও জেলা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদও বক্তব্য রাখেন। 

জেলা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোনো ধরনের প্রজ্ঞাপন কিংবা বিজ্ঞপ্তি ছাড়াই হঠাৎ এ মাসে বিল বাড়িয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে কারো সঙ্গে কোনো ধরনের কথাও বলেনি পৌর কর্তৃপক্ষ। 

এ ব্যাপারে কথা বলতে সাতক্ষীরা পৌরসভার মেয়র তাসকিন আহমেদ চিশতিকে ফোন করলে তিনি ধরেননি।