২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে ফের গাছ বোঝাই ট্রাকে গুলি, চালক গুলিবিদ্ধ

গুলির প্রতিবাদে শহরের ট্রাক টার্মিনাল এলাকায় ঘণ্টাখানেক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

রাঙামাটিতে ফের গাছ বোঝাই ট্রাকে গুলি, চালক গুলিবিদ্ধ

রাঙামাটি-চট্টগ্রাম সড়কের দেপ্পাছড়ি এলাকায় গাছ বোঝাই ট্রাকে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2023, 03:11 PM

Updated : 10 Oct 2023, 03:11 PM

রাঙামাটি-চট্টগ্রাম সড়কে ফের গাছ বোঝাই ট্রাকে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে গুলিবিদ্ধ হয়ে চালক হাসপাতালে ভর্তি আছেন।

মঙ্গলবার সকালে শহরের দেপ্পাছড়ি এলাকায় এই ঘটনা ঘটে বলে জানান রাঙামাটি কোতয়ালী থানার ওসি মো. আরিফুল আমিন।

পরে ট্রাকে গুলির প্রতিবাদে শহরের ট্রাক টার্মিনাল এলাকায় ঘণ্টাখানেক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

গাড়িতে থাকা মো. জাকির হোসেন বলেন, “গাছ বোঝাই গাড়ি নিয়ে রাঙামাটি থেকে ঢাকায় যাওয়ার পথে দেপ্পাছড়ি এলাকায় আসলে পাহাড় থেকে হঠাৎ গুলির শব্দ শুনতে পাই। এ সময় বিকট শব্দের সঙ্গে গাড়ি বন্ধ হয়ে যায় এবং পাশের সিটে থাকা চালকের পায়ে গুলি লাগে।

“পাহাড় থেকে কারা কি কারণে গুলি করেছে সেই বিষয়টি আমরা জানি না এবং কাউকে দেখতেও পাইনি।”

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির চাকায় গুলি লাগায় সামনের চাকা ফেটে যায়। ঘটনার সঙ্গে পুলিশ-সেনাবাহিনীর চারটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

রাঙামাটি কোতয়ালী থানার ওসি মো. আরিফুল আমিন জানান, খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে যায়। তবে তার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় আহত চালককে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

“গাড়িতে চার-পাঁচটি গুলির চিহ্ন পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে মাঠে কাজ করেছে নিরাপত্তা বাহিনী ও পুলিশ।”

এদিকে একাধিকবার এমন সন্ত্রাসী হামলার কারণে আতঙ্ক বিরাজ করছে সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে।

তবে কি কারণে এই হামলা তা পরিষ্কার করে বলতে পারছে না ব্যবসায়ীরা। স্থানীয়দের ধারণা চাঁদা আদায়ের জন্য আঞ্চলিক সংগঠনগুলো এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির সহ-সাধারণ সম্পাদক মো. বখতিয়ার হোসেন মুরাদ বলেন, “এর আগেও এমন ঘটনা ঘটেছিল। এভাবে ঘটনা ঘটতে থাকলে ব্যবসা করা কঠিন হবে। তবে কারা কি কারণে ঘটনা ঘটিয়েছে সেই বিষয়টি আমরা নিশ্চিত না। আশা করছি আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত অপরাধীদের আটক করতে পারবে।”

Image

আহত চালক রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

এর আগে চলতি বছরের ২৫ জানুয়ারি একই এলাকায় চাঁদার দাবিতে গাছের গাড়িতে ৪০-৫০টি গুলি করে সন্ত্রাসীরা। ওই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।