২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় গৃহবধূকে পুড়িয়ে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

আসামি রোকনুজ্জামানকে মৃত্যুদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

কুষ্টিয়ায় গৃহবধূকে পুড়িয়ে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

কুষ্টিয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার দায়ে আদালত এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2023, 06:16 PM

Updated : 09 Mar 2023, 06:16 PM

কুষ্টিয়া সদর উপজেলায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার বিকালে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালেন বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুল হালিম।

দণ্ডপ্রাপ্ত ৩৮ বছর বয়সী রোকনুজ্জামান ওরফে রনি সদর উপজেলার কমলাপুর এলাকার ফজলুল হকের ছেলে।

মামলার বরাতে পিপি আব্দুল হালিম বলেন, “২০২০ সালের ২১ এপ্রিল সকালে ভাড়াটিয়া জুলেখা খাতুন (৩৫) বাড়ির মালিক হামিদা খাতুনের সঙ্গে দোতালায় বসে গল্প করছিলেন।

“এ সময় ইন্টারনেট সংযোগের পাসওয়ার্ড নিয়ে পূর্ববিরোধের জেরে বাড়ি মালিকের ছেলে রোকনুজ্জামান গৃহবধূ জুলেখার শরীর লক্ষ্য করে পেট্রোল, তারপিনসহ দাহ্য মিশ্রিত তরল ছুড়ে আগুন ধরিয়ে দেয়।”

তিনি আরও বলেন, “এতে জুলেখার শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়। তাকে উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়া হয়।

“পরে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জুলেখা।”

এ ঘটনায় জুলেখার স্বামী মিরপুর উপজেলার সাহেবনগর গ্রামের বাসিন্দা মেহেদী হাসান রোকনুজ্জামান রনির বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় হত্যা মামলা করেন।

আব্দুল হালিম বলেন, “মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক জাবিদ হাসান ২০২০ সালের ৩ জুন রোকনুজ্জামানের বিরুদ্ধে একসঙ্গে দুইটি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আসামিকে মৃত্যুদণ্ড ছাড়াও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন বিচারক।