ময়মনসিংহে ‘দলবেঁধে ধর্ষণের’ পর হত্যা, গ্রেপ্তার ২
পুলিশ জানিয়েছে, শিশুটি জ্ঞান হারালে প্রমাণ লোপাট করতে তাকে গলা টিপে হত্যার পর নদীতে ফেলে দেয় আসামিরা।
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ‘দলবেঁধে ধর্ষণের পর’ এক শিশুকে হত্যার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভূঞা।
সোমবার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন পুলিশ সুপার।
গ্রেপ্তাররা হলেন- কলসিন্দুরের মাইলামপাড়ার ইউসুফ আলী (২০) এবং ১৩ বছর বয়সী এক কিশোর।
পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভূঞা বলেন, শনিবার সন্ধ্যায় কলসিন্দুর থেকে ওই শিশুটি নিখোঁজ হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে নেতাই নদী থেকে তার মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্বজনরা।
“খবর পেয়ে পুলিশ মধ্যরাতে শিশুটির মরদেহ উদ্ধার করে; পরদিন ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। সুরতহাল প্রতিবেদনে দলবেঁধে ধর্ষণের বিষয়টি উল্লেখ করা হয়।”
পরে ওইদিন রাতে শিশুটির বাবা অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে থানায় মামলা করেন।
পুলিশ সুপার আরও বলেন, “গ্রেপ্তার ১৩ বছরের কিশোর গ্রেপ্তার যুবক ইউসুফের ঘনিষ্ট সহচর। ঘটনার দিন ইউসুফ ও কিশোর ওই শিশুটির বাড়ির পাশে ওত পেতে ছিল। সুযোগ বুঝে দুজনে মিলে শিশুটিকে ধর্ষণ করে।”
গ্রেপ্তারদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভূঞা।
