২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

একটি কভার্ডভ্যানকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।

ভোলায় শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

সবুজ হোসেন।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2023, 05:15 PM

Updated : 29 Jul 2023, 05:15 PM

ভোলায় মোটরসাইকেলে শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফেরার পথে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

শনিবার বেলা সাড়ে ১২টার দিকে ভোলা-ভেদুরিয়া আঞ্চলিক সড়কের মাদরাসা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর থানার এসআই মো. জাফর ইকবাল।

নিহত মো. সবুজ হোসেন (২৬) চরফ্যাশন উপজেলার শশিভূষণ থানা এলাকার উত্তর মায়া গ্রামের মো. আবদুল হকের ছেলে।

তিনি চরফ্যাশন উপজেলায় একটি ফার্মাসিউটিক্যালস কোম্পানির এমপিও পদে কর্মরত ছিলেন। তার শ্বশুরবাড়ি বরিশাল জেলায়। স্ত্রী বরিশালের একটি হাসপাতালের নার্স। এই দম্পতির একটি সন্তান আছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ভোলা সদর মডেল থানার ওসি মো. শাহীন ফকির  জানান, সবুজ সকালে শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।

Image

অটোরিকশার সঙ্গে সংঘর্ষে ভেঙে যাওয়া মোটরসাইকেল।

“মাদরাসা বাজার এলাকায় একটি কভার্ডভ্যানকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সবুজের মৃত্যু হয়।”

এ ঘটনায় অটোরিকশা চালকসহ দুইজন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি শাহীন ফকির জানান, নিহত সবুজের মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।