২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ৬ থানায় নাশকতার মামলায় আসামি কয়েকশ

পুলিশ জানিয়েছে, একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2023, 12:35 AM

Updated : 30 Oct 2023, 12:35 AM

গাজীপুরের ছয় থানায় গাড়ি পোড়ানো, হাতবোমা বিস্ফোরণ ও উদ্ধারের ঘটনায় কয়েকটি মামলায় কয়েকশ ব্যক্তিকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে।

রোববার বিভিন্ন সময়ে দায়ের করা এসব মামলার আসামিদের নাম তদন্তের স্বার্থে জানাতে চায়নি পুলিশ। 

কোনাবাড়ি থানার ওসি কে এম আশরাফ উদ্দিন বলেন, শনিবার রাতে মহানগরীর দেওলিয়া বাড়ি এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন দেয়। রোববার বাসের মালিক মো. জামাল হোসেন বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখ করে এবং ২০০ থেকে ২৫০ অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা করেন।

কালীগঞ্জ থানার ওসি মো. ফায়েজুর রহমান জানান, শনিবার রাতে উপজেলার দড়িসোম এলাকার বাসিন্দা মো. আনিছুজ্জামান মাসুমের মোটরসাইকেলে আগুন দেয় দুর্বৃত্তরা। রোববার তিনি ১৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত অনেককে আসামি করে মামলা করেন।

এই মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি ফায়েজুর।

কাপাসিয়া থানার এসআই মো. সালাহউদ্দিন বলেন, শনিবার রাত সোয়া ১১টায় উপজেলার তরগাঁও মেডিকেল মোড়ের দক্ষিণে নাশকতার উদ্দেশ্যে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা জড়ো হন। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে তারা হাতবোমার বিস্ফোরণ ঘাটিয়ে আতঙ্ক তৈরি করে এবং পালিয়ে যায়। পুলিশ সেখান থেকে চারটি হাতবোমা উদ্ধার করে।

এ ঘটনায় পুলিশ রোববার বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও অনেককে আসামি করে মামলা করে।

টঙ্গী (পূর্ব) থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান বলেন, রোববার সকালে টঙ্গীতে বিআরটিসির দোতলা বাসে অগ্নিসংযোগের অভিযোগে ৫৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে।

কালিয়াকৈর থানার এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ত্রিমোড়ের কাছে ফুট ওভারব্রিজের উত্তরে আওয়ামী লীগের একটি মিছিলে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা হাতবোমা নিক্ষেপ করে বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় স্থানীয় মইনুল হোসেন বাদী হয়ে রোববার বিএনপি-জামায়াতের ১৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত অনেককে আসামি করে মামলা করেছেন।

শ্রীপুর থানা কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার হাতবোমা বিস্ফোরণ, যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা ও অরাজকতা সৃষ্টিসহ নাশকতার অভিযোগে ১৮ জনের নাম উল্লেখ করে এবং কতিপয় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা হয়েছে।