১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বেনাপোল সীমান্ত থেকে গাজীপুর সিটির সাবেক প্যানেল মেয়র আটক

ভারতে যাওয়ার জন্য মানব পাচারকারীদের সঙ্গে এক লাখ টাকার চুক্তি হয়েছিল।

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2024, 01:33 PM

Updated : 26 Aug 2026, 10:57 AM

যশোরের শার্শা উপজেলার সীমান্ত দিয়ে ‘ভারতে পালানোর’ সময় গাজীপুর সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়রকে আটক করেছে বিজিবি।

সোমবার গভীর রাতে উপজেলার শিকারপুর সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে জানান যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।

আটক আসাদুর রহমান কিরন (৫৮) গাজীপুর টঙ্গী এলাকার মোহাম্মদ আলির ছেলে। তিনি গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং গাজীপুর সিটি করপোরেশনের ৪৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র। 

তার বিরুদ্ধে দুইটি হত্যাসহ পাঁচটি মামলা রয়েছে বলে জানিয়েছে বিজিবি। 

বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, “শিকারপুর সীমান্ত দিয়ে কতিপয় ব্যক্তি অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিকারপুর বিওপির টহলদল সীমান্তবর্তী বেতনা এলাকায় অভিযান চালায়। 

“এ সময় অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে বিজিবির টহলদল আসাদুর রহমান কিরনকে আটক করে।”

তিনি আরও বলেন, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি স্থানীয় রামচন্দ্রপুর গ্রামের মানব পাচারকারীদের সঙ্গে ভারতে যাওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়ে সীমান্তে এসেছিলেন। এজন্য পাচারকারী চক্রের সদস্য নূর নবীর সঙ্গে এক লাখ টাকার চুক্তি হয়েছিল। 

পরে আটক আসাদুর রহমান কিরনকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলেও সাইফুল্লাহ সিদ্দিকী জানান।