বরিশালে পুলিশের মামলার আসামি বিএনপির ১৩৪ নেতা-কর্মী, গ্রেপ্তার ২
বৃহস্পতিবার রাতে মামলা দু’টি হয় বলে দুই থানার পুলিশ জানিয়েছে।
বরিশালের দুই উপজেলা বিএনপির ১৩৪ নেতা-কর্মীদের বিরুদ্ধে পুলিশের করা মামলার পর দু’জন গ্রেপ্তার হয়েছেন।
বৃহস্পতিবার রাতে হিজলা ও উজিরপুর থানা মামলা দু’টি হয় বলে দুই থানার পুলিশ জানিয়েছে।
মামলায় ককটেল বিস্ফোরণ ও ব্যাটারি চালিত ইজিবাইক ভাংচুরের মাধ্যমে জনমনে ভীতি সঞ্চার করার অভিযোগ আনা হয়।
হিজলা থানার ওসি মো. ইউনুস মিঞা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার রাতে হিজলা ডিগ্রি কলেজের সামনে দু’টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পরে লাল স্কচটেপ পেঁচানো জর্দার কৌটা উদ্ধার করে পুলিশ।
ওসি আরও বলেন, ওই রাতেই হিজলা থানার এসআই মো. সোহরাব বাদী হয়ে মামলা করেন।
এতে ২০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৬০-৬৫ জনকে আসামি করা হয়েছে।
প্রধান আসামি হিজলা উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল গাফফার তালুকদার।
এজাহারে উল্লেখ করা অন্য আসামিরা হলেন- খোকন দপ্তরী (৫০), গিয়াস দেওয়ান (৪৫), লিটন রাড়ী (৩৫), রত্তন রাড়ী (৫৮), মারুফ হাওলাদার (৪৫), তানভির তালুকদার (৩৫), সাইদুল ইসলাম গাজী (২৭), ফরিদ বেপারী (৫৫), সোলায়মান জমাদ্দার (৬০), নাগর বেপারী (৪০), আলম চৌকিদার (৪৫), সেলিম বেপারী (৪৫), রুবেল খান (৩৫), মনির নক্তি (৪০), আলী আহম্মেদ হাওলাদার ওরফে আলী কারী (৫০), শাহ আলম বেপারী (৫২), আমির হোসেন বাঘা (৪০), নুরুল ইসলাম আকন ও সোলাইমান মোল্লা (৫৫)। তারা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মী বলে জানা যায়।
অপরদিকে, উজিরপুর মডেল থানার ওসি কামরুল হাসান জানান, উপজেলার বামরাইল ইউনিয়নের খোলনা মোড়ে ঝটিকা মিছিল করে বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা।
মিছিল শেষে সেখানে ব্যাটারি চালিত ইজিবাইক ভাংচুর করে এবং দুটি ককটেল ফাটিয়ে পালিয়ে যান তারা।
পরে খবর পেয়ে পুলিশ গিয়ে ইজিবাইক ও বিস্ফোরিত ককটেলের অংশ উদ্ধার করে।
এ ঘটনায় উজিরপুর মডেল থানার এসআই শফিকুল ইসলাম বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ২৫ জনকে আসামি করে বিস্ফোরক আইনে একটি মামলা করেন।
ওসি কামরুল আরও জানান, ওই রাতেই অভিযান চালিয়ে দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ।
তারা হলেন, বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি রাজিব মজুমদার (৩১) এবং দক্ষিণ জেলা যুবদলের সদস্য সোহান হোসেন ডালিম (৪০)।
শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এজাহারে উল্লেখ মামলার অন্য আসামিরা হলেন: নয়ন সরদার (২৮), তুহিন খান (২৬), রনি (২৮), জসিম খান (৪২), জহিরুল ইসলাম রাজা (২৮), মাসুদ রানা (২৭), রাসেল রাঢ়ী (২৮), সুমন মোল্লা (৩৮), সুজন মিয়া (২৪), রফিকুল ইসলাম লিমন (৪২), কাইয়ুম ঢালী (৩৫), আফম সামসুদ্দোহা আজাদ (৪৮), স্বপন মল্লিক (৪২), কিবরিয়া হাওলাদার (৩৫), কামাল সরদার (৩৫), নুরে আলম জোমাদ্দার (৪৮), সাইদুল ইসলাম (৪৫), তোফায়েল হোসেন অপু (৪৫), গিয়াস আকন (৫০), শহিদুল ইসলাম খান (৫৮), রাসেল সরদার (৩০) ও চান বালি (৪০)।
