২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটে বিএনপিকে আনতে ‘সর্বাত্মক চেষ্টা হবে’: কৃষিমন্ত্রী

“আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করলে বিএনপি অস্তিত্ব সংকটে পড়বে।”

ভোটে বিএনপিকে আনতে ‘সর্বাত্মক চেষ্টা হবে’: কৃষিমন্ত্রী

শনিবার টাঙ্গাইলে কুমুদিনী সরকারি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2023, 05:27 PM

Updated : 05 Mar 2023, 04:28 PM

বিএনপিকে নির্বাচনে আনতে সব রকমের চেষ্টা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক।

কী সেই চেষ্টা, সেটি খোলাসা না করে তিনি আরও বলেছেন, ভোটে না এলে বিরোধী দলটি পড়বে ‘অস্তিত্বের সংকটে’।

শনিবার টাঙ্গাইলে কুমুদিনী সরকারি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনে থাকা বিএনপির তাদের দাবি পূরণ না হলে ভোটে না যাওয়া, এমনকি নির্বাচন হতে না দেওয়ার ঘোষণা দিয়েছে।

২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপের পরও একই অবস্থান নিয়েছিল বিএনপি। তাদের বর্জনের মধ্যে ব্যাপক সহিংসতায় ভোট হয় সেবার।

২০১৮ সালের ডিসেম্বরের একাদশ সংসদ নির্বাচনে অংশ নিলেও আগের রাতে ভোট হয়ে যাওয়ার অভিযোগ এনে বিএনপি আবার ফিরেছে পুরোনো দাবিতে।

তবে আওয়ামী লীগ জানিয়ে দিয়েছে, বিএনপির দাবি পূরণের সুযোগ নেই। উচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুর মীমাংসা হয়ে গেছে।

গত বছরের ১৪ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইঙ্গিত দেন, বিএনপিকে ভোটে আনতে বিশেষ কোনো উদ্যোগ বা চেষ্টা করা হবে না।

সেদিন তিনি বলেন, “সবাই নির্বাচনে অংশগ্রহণ করুক এটাই আমরা চাই। আর যদি কেউ না করে, সেটা যার যার দলের সিদ্ধান্ত। এর জন্য আমাদের সংবিধান তো আমরা বন্ধ করে রাখতে পারি না। সংবিধানের যে ধারা, সে অনুযায়ী গণতান্ত্রিক ধারাটা অব্যাহত থাকবে।”

তবে টাঙ্গাইলে কৃষিমন্ত্রী বলেন, “আগামী জাতীয় নির্বাচনে বিএনপিতে অংশগ্রহণের সর্বাত্মক চেষ্টা করা হবে।”

বিএনপি যদি শেষ পর্যন্ত ভোট থেকে দূরে সরে থাকে, তাহলে তাদেরই ক্ষতি হবে বলেও মনে করেন রাজ্জাক। বলেন, “পরপর তিনটি নির্বাচনে হেরেছে তারা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করলে তাদের দল অস্তিত্ব সংকটে পড়বে।”

মানুষ আবার আওয়ামী লীগকে ভোট দেবে বলেও মনে করেন কৃষিমন্ত্রী। বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অভূতপূর্ব উন্নয়ন দেখে মানুষ খুবই খুশি। মানুষ উন্নয়নের প্রশংসা করছে।

“স্বাধীনতার লক্ষ্য ছিল-ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত দেশ নির্মাণের, সে লক্ষ্যেই দেশ এগিয়ে চলেছে। কাজেই দেশের জনগণ আবার শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে।”

“মুরগির দাম সহনীয় রাখতে উদ্যোগ নেওয়া হবে”

ব্রয়লার মুরগির কেজি ২৩০ টাকা ছাড়িয়ে যাওয়া নিয়ে মন্ত্রীর কাছে প্রশ্ন রাখেন সাংবাদিকরা।

জবাবে তিনি বলেন, “গত দুই মাস ধরে পোল্ট্রির মুরগির দাম অনেক বেশি। তাও শোনা যাচ্ছে, তৃণমূলের প্রান্তিক খামারিরাও ঠিকমতো দাম পাচ্ছেন না। এ বিষয়টি আমি সরকারের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরামে তুলে ধরব।

“আমাদের এমন একটা নীতি লাগবে, যার মাধ্যমে দাম সহনশীল রাখা যাবে।

“আমরা চাই দাম নিম্নআয়ের মানুষের ক্রয়ক্ষমতা মধ্যে থাকুক। একইসঙ্গে ব্যবসায়ী, খামারি ও উদ্যোক্তারা লাভবান হোক।”

কুমুদিনী কলেজের অধক্ষ্য বদরুল আলমের সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল-৫ আসনের সংসদ ছানোয়ার হোসেন, সংরক্ষিত নারী আসনের সংসদ খন্দকার মমতা হেনা লাভলী, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরজুল হক আলমগীরও বক্তব্য দেন।