২৪ অক্টোবর ২০২৬, ০৯ কার্তিক ১৪৩৩

এই সংসদ ৫ বছর টিকবে কি না সন্দেহ: নাহিদ ইসলাম

দেশে আইনশৃঙ্খলার অবনতি আর দেখতে চান না মন্তব্য করে এর জন্য প্রথম পদক্ষেপ হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে পদত্যাগ করতে বলেন এনসিপি আহ্বায়ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Oct 2026, 10:29 PM

Updated : 24 Oct 2026, 10:29 PM

ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে উনিশ বছর পর ক্ষমতায় আসা বিএনপির নেতৃত্বাধীন জাতীয় সংসদ পাঁচ বছর টিকবে কিনা সংশয় প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

তার ভাষ্য, “ষোল বছর পরে যেই সংসদ নির্বাচন হয়েছে, যেই নতুন জাতীয় সংসদ গঠিত হয়েছিল, এই সংসদের মূল্য আর দুই আনাও নাই। এই জাতীয় সংসদ পাঁচ বছর টিকবে কি না সন্দেহ আছে। কারণ এই জাতীয় সংসদে বিরোধী দলের কথার কোনো মূল্যায়ন নাই। জনগণের কণ্ঠস্বরের কোনো মূল্যায়ন নাই।”

আইন শৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ‘দলীয়করণের’ প্রতিবাদে এনসিপির উদ্যোগে আগামী ৩০ অক্টোবরের গণবিক্ষোভ কর্মসূচি সফল করতে যাত্রাবাড়ী এলাকায় শনিবার লিফলেট বিতরণ পূর্ব পথসভায় এ কথা বলেন নাহিদ।

দেশে আইনশৃঙ্খলার অবনতি আর দেখতে চান না মন্তব্য করে এর জন্য প্রথম পদক্ষেপ হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে পদত্যাগ করার আহ্বান জানান তিনি।

নাহিদ বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা অবস্থায় কোনোভাবেই আইনশৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব নয়। দ্বিতীয়ত জ্বালানি খাতে ব্যর্থতার দায় স্বীকার করে নিয়ে জ্বালানিমন্ত্রীকেও পদত্যাগ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে।”

স্থানীয় সরকার নির্বাচনে বর্তমান প্রশাসকদের অংশগ্রহণে বিরত রাখার কথাও বলেন এনসিপি আহ্বায়ক। তার ভাষ্য, “ঢাকা দক্ষিণের যে প্রশাসক দেওয়া হয়েছে, অবৈধ প্রশাসক। সেই প্রশাসককে মেয়র প্রার্থী ঘোষণা করা হল বিএনপির পক্ষ থেকে। এটা কোন ধরনের গণতন্ত্র? এ প্রশাসক কেন নির্বাচনে অংশগ্রহণ করবে?

“এই যত প্রশাসক দেওয়া হয়েছে জেলা পরিষদ এবং সিটি করপোরেশনে, তারা কেউ স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর যে বক্তব্য, এই বক্তব্য প্রত্যাহার করতে হবে।”

কর্মসূচিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এনসিপির মেয়র প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী, দলের রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদসহ কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা উপস্থিত ছিলেন।