১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

রুয়েট ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ চারজন আজীবন বহিষ্কার

“জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।”

রুয়েট ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ চারজন আজীবন বহিষ্কার
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2025, 09:31 PM

Updated : 26 Aug 2026, 11:54 AM

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-রুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ চারজনকে আজীবন বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। 

বুধবার সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক ও ছাত্র শৃঙ্খলা কমিটির সদস্যসচিব অধ্যাপক মো. রবিউল ইসলাম সরকার।

আজীবন বহিষ্কৃতরা হলেন- নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রুয়েট শাখার সভাপতি ও পুরকৌশল বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহমিদ লতিফ লিয়ন, সাধারণ সম্পাদক ও কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৌমিক সাহা, ছাত্রলীগ কর্মী ও যন্ত্রকৌশল বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাশ্বত সাহা সাগর এবং পুরকৌশল বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মৃন্ময় কান্তি বিশ্বাস।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক রবিউল বলেন, “জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।”

তিনি বলেন, বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রুয়েট উপাচার্য অধ্যাপক এস এম আব্দুর রাজ্জাক। 

রবিউল বলেন, “শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে রুয়েট প্রশাসন তদন্ত কমিটি গঠন করে। সব অভিযোগ যাচাই করে দেখা যায়, অভিযুক্তরা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা সংক্রান্ত যে অর্ডিন্যান্স রয়েছে সেটির ধারা লঙ্ঘন করেছেন। এ জন্য চার শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। 

“এছাড়া ৪২ জনকে আবাসিক হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা করা হয়েছে। গত বছরের ১৯ অগাস্ট অভিযানের পরিপ্রেক্ষিতে প্রাপ্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে তাদের বিরুদ্ধে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” 

এ ছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় দুইজনকে চার সেমিস্টার বা দুই শিক্ষাবর্ষের জন্য বহিষ্কার করা হয়েছে বলে জানান অধ্যাপক রবিউল ইসলাম।