২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন দিনের ভারি বৃষ্টিতে পানিবন্দি বরিশাল নগরবাসী

নগরীর প্রানকেন্দ্র সদর রোড, ফজলুল হক এভিনিউ, হাসপাতাল রোড, বগুড়া রোডসহ গুরুত্বপূর্ণ সিংহভাগ সড়ক পানির নিচে।

তিন দিনের ভারি বৃষ্টিতে পানিবন্দি বরিশাল নগরবাসী

পানিতে তলিয়ে গেলে বরিশালের বেশিরভাগ গুরুত্বপূর্ণ সড়ক।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2023, 12:16 AM

Updated : 08 Aug 2023, 12:16 AM

তিন দিনের টানা বৃষ্টিতে বরিশাল নগরীর প্রায় সব এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে; ফলে পুরো নগরী এখন পানিবন্দি। এ অবস্থায় দুর্বিষহ জীবনযাপন করছেন নগরবাসী।

সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মহানগরীতে এ মৌসুমের সর্বোচ্চ ১৫৪ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক মাসুদ রানা রুবেল।

নগরীর করিম কুটির, অক্সফোর্ড মিশন রোড, হাতেম আলী কলেজ চৌমাথা, বটতলা বাজার, সদর রোড, ফজলুল হক এভিনিউ, হাসপাতাল রোড, বগুড়া রোড, সাগরদী ধান গবেষণা সড়ক, পূর্ব রূপাতলী, জাগুয়া, ভাটিখানা, নিউ ভাটিখানা, আমানতগঞ্জ, রসুলপুর, পলাশপুর, রুপাতালী হাউজিং ও রুপাতলীর বাস টার্মিনালসহ আশপাশের এলাকা হাঁটু থেকে কোমর সমান পানির নিচে তলিয়ে গেছে।

বরিশাল নগরীর করিম কুটির এলাকায় একটি ভবনের নিচ তলায় পরিবার নিয়ে দীর্ঘ ১৯ বছর ধরে বাস করেন সিআইডির এক কর্মকর্তা।

আবহাওয়া অফিসের তথ্য পেয়ে বাসার দুইটি ফ্রিজ খাটের উপর তুলেছেন। পানিতে নষ্ট হওয়ার মতো মালামাল খাটের উপর রেখে স্ত্রী-সন্তানকে নিয়ে কোনো আবাসিক হোটেলে গিয়ে থাকবেন বলে জানালেন তিনি।

করিম কুটির এলাকা সংলগ্ন অক্সফোর্ড মিশন রোডের বাসিন্দা চরবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউল ইসলাম সাবু জানালেন, তার বাসার নিচতলায় পানি উঠেছে। নিচতলার বাসিন্দারা চরম ভোগান্তিতে রয়েছেন। 

নগরীর গুরুত্বপূর্ণ সড়ক বটতলা থেকে হাতেম আলী কলেজ চৌমাথা ও বটতলা বাজার সড়কটি পানিতে থই থই করছে।

এ সড়ক পাড়ি দেওয়া মোটরসাইকেল আরোহী মো. মারুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সড়কের ডিভাইডারের একপাশে কোমর পর্যন্ত পানি। অন্যপাশ ডুবে আছে হাঁটুপানিতে। সংলগ্ন অলি-গলিগুলোও পানির নিচে। কোনো যানবাহনই চলতে পারছে না।”

শুধু এ সড়কটি নয়, নগরীর প্রানকেন্দ্র সদর রোড, ফজলুল হক এভিনিউ, হাসপাতাল রোড, বগুড়া রোডসহ গুরুত্বপূর্ণ সিংহভাগ সড়ক পানির নিচে। 

সব চেয়ে বেশী ভোগান্তির মধ্যে রয়েছেন কীর্তনখোলা তীর-সংলগ্ন রসুলপুর, কলাপট্টি, পলাশপুর, বরফকল ও স্টেডিয়াম কলোনির বাসিন্দারা। এসব এলাকার হাজারও মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। তাদের ক্ষোভ প্রকাশ পাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয়।

বরিশালের পরিবেশ আন্দোলনের সংগঠক কাজী এনায়েত হোসেন শিবলু ফেইসবুকে লিখেছেন, “রাত থেকে প্রচুর বৃষ্টিতে বরিশাল নগরের অনেক এলাকা হয়ত ডুবে যাবে? এর সব দায় বিসিসিকে নিতে হবে ঠিকই, তবে আমরা দিন দিন শতশত পুকুর ভরাট করে সমতল করেছি তার কী হবে?”

শিবলু আরো বলেন, “সিটি করপোরেশন নির্বাচনের পর থেকে চলমান পরিষদ সম্ভবত চোখ-কান বন্ধ করে রেখেছে। তাই জলাবদ্ধতার কারণে নগরী এখন অচল হয়েছে। তারা কোনো দায়িত্ব পালন করছে না এটা স্পষ্ট।”

পুকুর, জলাশয় ও খালগুলো পুনরুদ্ধারে ভূমিকা না নিলে এ অবস্থা আরও বাড়বে বলেও নিজের পোস্টে উল্লেখ করেন তিনি।

বরিশাল সাহিত্য সংসদ ও অর্থনীতি সমিতির সভাপতি কাজী মিজানুর রহমান লিখেছেন, “মাত্র ৫/৭ বছর পরে পটুয়াখালী কোথায় থাকবে, আর আমরা কোথায় থাকব? কী নিয়ে আমাদের উচ্চকিত হওয়া উচিৎ? হে প্রিয় বরিশালবাসী আপনার জন্মভূমির মঙ্গল কামনায়, ভবিষ্যত প্রজন্মের স্বার্থে একটু ভাবুন।”

মাত্র দুদিনের বৃষ্টিতেই যদি নগরী চলাচলের অনুপযোগী হয়ে পড়ে, তবে সে দায় কে নেবে এই প্রশ্নও তোলেন তিনি।

তবে সিটি করপোরেশন দায়িত্ব পালন করছে বলে জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার দাস। তিনি বলেন, বৃষ্টির মধ্যেও কাজ অব্যাহত রেখেছেন পরিচ্ছন্নতা কর্মীরা।

বরিশাল আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক মাসুদ রানা রুবেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার সন্ধ্যা ৬ টা থেকে সোমবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত বরিশালে ১৫৪ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যা এ মৌসুমের সর্বোচ্চ।

গত ১ অগাস্ট থেকে শুরু হওয়া বৃষ্টি গত তিন দিন প্রবল হয়েছে।”

গত সাত দিনে বরিশালে ২৮৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলেও জানান তিনি।

সাগরে অস্বাভাবিক জোয়ার এবং উজানের পানি মেঘনার দিকে প্রবাহিত হওয়ায় দক্ষিণাঞ্চলের সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে বলে জানালেন বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. মাসুম।