বরিশালে ফাঁসির দণ্ড পাওয়া কয়েদির হাসপাতালে মৃত্যু
২০০৪ সালে একটি হত্যা মামলায় রায় ঘোষণার পর থেকে তিনি কারাগারে বন্দি ছিলেন।
বরিশাল কেন্দ্রীয় কারাগারে ফাঁসির দণ্ডে দণ্ডিত এক কয়েদীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেলার আবু ইউসুফ জানিয়েছেন।
মৃত সুলতান হাওলাদার (৬৪) বাবুগঞ্জ উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা আব্দুর রব হাওলাদারের ছেলে।
জেলার আবু ইউসুফ বলেন, একটি হত্যা মামলায় ২০০৪ সালে সুলতানকে ফাঁসির আদেশ দেয় আদালত। এরপর থেকে তিনি বরিশাল কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।
তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন। দীর্ঘদিন ধরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।
নিয়ম অনুযায়ী মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান জেলার।
জ্যেষ্ঠ জেল সুপার সুব্রত কুমার বালা বলেন, “আমাদের কাছে মামলার বিস্তারিত তথ্য আসে নাই। তাই কোন হত্যাকাণ্ডে তার ফাঁসি হয়েছে, বিষয়টি অজানা।”
