Published : 11 Jan 2024, 08:58 PM
নরসিংদীতে নৌকার প্রার্থীর সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর দুই অনুসারী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার বিকাল ৫টায় সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের বাখরনগর গ্রামে এ হামলা হয় বলে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান কামরুলের সমর্থকরা জানিয়েছেন।
আহতরা হলেন-ওই ইউনিয়নের মুরাদনগর গ্রামের আব্দুস সালামের ছেলে আব্দুল্লাহ মিয়া (২৮) ও বাখরনগর গ্রামের আব্দুল আজীজের ছেলে ইউসুফ মিয়া (৩২)। তাদের নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা আলোকবালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাদ উল্লার কর্মী এবং নরসিংদী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান কামরুলের সমর্থক বলে জানা গেছে।
আহত ইউসুফ মিয়া বলেন, "নির্বাচনে আমি কামরুজ্জামানের সমর্থক ছিলাম। বৃহস্পতিবার বিকালে বাখরনগর বাজারে মুরগি কিনতে গিয়েছিলাম। এ সময় নৌকার সমর্থক আলোকবালী যুবলীগের আহবায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান ওরফে হাবিবের নেতৃত্বে দেলোয়ার ওরফে কালা, লোকমান, হাসেন, অদুদ মিয়া ও জাকির হোসেন হামলা চালায়।
“তারা আমার পিঠ, মাথা ও কানসহ শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে আহত করে। আমার সঙ্গে থাকা আবদুল্লাহর মাথায়ও আঘাত করে। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করে।”
আলোকবালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাদ উল্লাহ বলেন, "নির্বাচনে আমরা ঈগল প্রতীকের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামানের সমর্থনে এলাকায় প্রচার চালিয়েছিলাম। নির্বাচনে হেরে যাওয়ার পর স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মারধর করে এলাকা ছাড়া করা হচ্ছে। নৌকার সমর্থক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দীপুর সমর্থকরা এসব হামলা করছে।
“নির্বাচনের পর চারটি গ্রামে দশজন কর্মীকে মারধর করে এলাকা থেকে বের করে দিয়েছে। আগের ঘটনায় লিখিত অভিযোগ দিয়েছি এবং আজকের ঘটনায়ও লিখিত অভিযোগ দেওয়ার প্রক্রিয়া চলছে।"
অভিযোগের বিষয়ে জানতে চাইলে নৌকার প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলামের সমর্থক দেলোয়ার হোসেন দীপু বলেন, “মুরাদনগর গ্রাম থেকে কিছু ঈগল প্রার্থীর সমর্থক বাখরনগর বাজারে এসে নৌকার সমর্থকদের গালিগালাজ করেন। তখন বাজারের মানুষ তাদের ধাওয়া করে।”
নরসিংদী সদর থানার ওসি তানভীর আহমেদ দুপক্ষের মধ্যে সংঘর্ষ হওয়ার কথা শুনেছেন। তবে এখনও অভিযোগ পান নাই, পেলে ব্যবস্থা নেবেন, বলে জানিয়েছেন।