দক্ষিণবঙ্গের সঙ্গে ট্রেন বন্ধ, ফরিদপুরে শিশু-বৃদ্ধদের দুর্ভোগ
সকাল ৬টা থেকে পূর্ব ঘোষণা অনুযায়ী, ভাঙ্গায় দুটি মহাসড়ক ও রেলপথের অন্তত ১০টি স্থানে অবরোধ কর্মসূচি শুরু করেন বিক্ষুব্ধরা।
ফরিদপুরে সংসদীয় আসনের সীমানা পুনর্বহালের দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে ট্রেন আটকে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। এতে দক্ষিণবঙ্গের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ফলে যাত্রীরা বিশেষ করে শিশু ও বৃদ্ধরা বেশ বিপাকে পড়েছেন।
রোববার সকাল ৬টা থেকে পূর্ব ঘোষণা অনুযায়ী, ভাঙ্গায় দুটি মহাসড়ক ও রেলপথের অন্তত ১০টি স্থানে অবরোধ কর্মসূচি শুরু করেন বিক্ষুব্ধরা।
দুপুর সাড়ে ১২টার দিকে ভাঙ্গা উপজেলার হামিরদি ইউনিয়নের হামিরদি রেলক্রসিংয়ে আটকে পড়া ট্রেনে গেলে যাত্রীরা তাদের ভোগান্তি ও অনিশ্চয়তার কথা বলে ক্ষোভ প্রকাশ করেন।
ভাঙ্গা রেলওয়ে স্টেশন কর্মকর্তা সাকিবুর রহমান আকন্দ বলেন, “সকাল থেকে ঢাকা-খুলনা-বেনাপোল এবং ঢাকা-ফরিদপুর-রাজবাড়ী-দর্শনা পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কার্যত দক্ষিণবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বিচ্ছিন্ন রয়েছে।”
রিপা বেগম ও কামরুল ইসলাম দম্পতি ২১ দিন বয়সি ছেলেকে নিয়ে ঢাকায় যাচ্ছেন। তারা দর্শনা স্টেশন থেকে ‘নকশীকাঁথা’ ট্রেনে ওঠেছেন। কিন্তু ফরিদপুরের ভাঙ্গায় অবরোধের মুখে আটকা পড়েছে তাদের ট্রেন। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বসে আছেন, অপেক্ষায় রয়েছেন কখন ছাড়বে ট্রেন।
কামরুল ইসলাম ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় পরিবার নিয়ে থাকেন। তিনি বলছিলেন, “এই দুধের বাচ্চা নিয়ে চার-পাঁচ ঘণ্টা ধরে বসে আছি। এলাকা চিনি না, পরিচিত কেউ নেই। কোথায় যাব জানি না। আমার বাচ্চা অসুস্থ হয়ে পড়লে কোথায় যাব জানি না। আর কখন ট্রেন ছাড়বে তাও জানি না।”
এ ছাড়া দীর্ঘ সময় অপেক্ষা করে হেঁটে কাছাকাছি গন্তব্যের দিকে রওনা হয়েছেন অনেকে। তবে দূরের যাত্রীরা পড়েছেন অসহনীয় ভোগান্তিতে।
বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, স্থানীয়রা সড়কে গাছের গুঁড়ি, টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন।
ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান বলেন, “মানুষের যাতে ভোগান্তি না হয় এবং যান চলাচলে স্বাভাবিক করতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। আমরা বিক্ষুব্ধদের সঙ্গে কথা বলছি। দ্রুত সময়ের মধ্যেই আমরা সড়কে যান চলাচল স্বাভাবিক করার কাজ শুরু করব।”
আরও পড়ুন:
