Published : 11 Sep 2025, 01:28 PM
সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ও পুনর্বহালের দাবিতে ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কের পাশাপাশি এবার রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন বিক্ষুব্ধ এলাকাবাসী।
ফলে ঢাকা-খুলনা-বেনাপল রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে ভোগান্তির মুখে পড়েছেন যাত্রীরা।
বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ভাঙ্গা উপজেলা কৈডুবি সদরদি এলাকায় রেলপথের ৮১ নম্বর গেইটে গাছের গুড়ি ফেলে রেখে বিক্ষোভ করছেন বিক্ষুব্ধ আলগী ইউনিয়নবাসী।
ভাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার সাকিবুর রহমান আকন্দ বলেন, সকাল ৬টায় খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ছেড়ে আসলেও ২০ কিলোমিটার দূরে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় একটি স্টেশনে আটকে রয়েছে৷ ট্রেনটি সকাল ৯টায় ঢাকায় পৌছানোর কথা ছিল।
এছাড়া সকাল ১০টায় ঢাকা থেকে রুপসী বাংলা নামে বেনাপোলগামী আরেকটি ট্রেন বন্ধ রয়েছে।
স্টেশন মাস্টার বলেন, “অবরোধের খবর পাওয়া মাত্রই বিশৃঙ্খলা এড়াতে আমরা ২০ কিলোমিটার দূরে থেকেই বন্ধ করে দিয়েছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই পথে ট্রেন চলাচল বন্ধ থাকবে।”
এছাড়া আটকে পড়া ট্রেন বিকল্প রেলপথে নেওয়ার কোনো সিদ্ধান্তও নেওয়া হয়নি বলেও জানান তিনি।

গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন থেকে সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়। এতে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ আসনে (সালথা-নগরকান্দা) অন্তর্ভুক্ত করা হয়।
এরপর থেকেই গত শুক্রবার থেকে বিক্ষোভ শুরু করেন বিক্ষুব্ধ এলাকাবাসী ও ভাঙ্গা উপজেলার রাজনৈতিক দলের নেতারা। ইউনিয়ন দুটি ফিরিয়ে দেওয়ার দাবিতে দুটি মহাসড়কসহ (ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল) এক্সপ্রেসওয়ে অবরোধ করেন তারা।
পরে দুই দিনের বিরতি শেষে মঙ্লবার থেকে টানা বিক্ষোভ করছেন আন্দোলন করছেন তারা। দুটি ইউনিয়ন আগের আসনে পুনর্বহাল না হওয়া পর্যন্ত প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অবরোধ চলবে বলে ঘোষণা দিয়েছেন তারা।
স্থানীয় আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান বলেন, “যতক্ষণ আসন দুটির সীমানা পুনর্বহাল না হবে ততক্ষণ রেলপথ দিয়েও কোনো ট্রেন চলাচল করতে দেওয়া হবে না।”
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, “রেল পথ আটকানোর খবর পেয়ে আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলে বোঝানোর চেষ্টা করছি। কিন্তু কোনো কথা শুনছেন না তারা।”
পুরানো খবর
সীমানা পুনর্নির্ধারণ: ফরিদপুরে আবারও দুই মহাসড়ক অবরোধ
সংসদীয় আসন পুনর্বিন্যাস: সড়ক অবরোধে ফরিদপুরে দিনভর ভোগান্তি
আসন পুনর্বিন্যাস: ফরিদপুরে আন্দোলনের মধ্যে ‘হিটস্ট্রোকে’ একজনের মৃত্যু