Published : 04 Jul 2026, 04:52 PM
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজনের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও চারজন।
শনিবার বেলা সাড়ে ১১টায় রাজারহাট-তিস্তা মহাসড়কে উপজেলার শিমুলতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান রাজারহাট থানার ওসি মামুনুর রশিদ।
নিহত এরশাদ আলী (৪০) রংপুরের মিঠাপুকুর উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের বালিয়াপুর এলাকার বাসিন্দা।
আহতরা হলেন- অটোরিকশা চালক দুলু (৩৪), যাত্রী মিজানুর (৬০), রবিউল ইসলাম (৩৫) এবং শফিউর রহমান (১৯)। তাদের বাড়ি মিঠাপুকুর উপজেলার বালিয়াপুর গ্রাম এবং রাজিবপুর উপজেলার কোদালকাটি গ্রামে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিপরীত দিক থেকে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। আহত হন অটোরিকশা চালকসহ পাঁচজন।
খবর পেয়ে রাজারহাট ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে চিকিৎসক এরশাদকে মৃত ঘোষণা করেন।
বাকি আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর পর চালক ও সহকারী পালিয়ে গেলেও ট্রাকটি থানা হেফাজতে নিয়েছে পুলিশ।
ওসি মামুনুর রশিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ট্রাকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।