২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা না পেলে ঈদের পর আন্দোলন: বিএনপি নেতা হারুন

“নৌকা বাংলাদেশে আর জাগবে না। কারণ, আজ আওয়ামী লীগের দায়িত্ব নেওয়ার কেউ নেই,” বলেন তিনি।

নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা না পেলে ঈদের পর আন্দোলন: বিএনপি নেতা হারুন
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণাসহ বিভিন্ন দাবিতে জেলা বিএনপি এ সমাবেশের আয়োজন করে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2025, 11:28 PM

Updated : 26 Aug 2026, 11:53 AM

আসছে রোজার মধ্যে নির্বাচনি রোডম্যাপ নিয়ে সুস্পষ্ট ঘোষণা না পেলে ঈদের পর বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ।

তিনি বলেছেন, “অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, শেখ হাসিনা পালিয়ে যাবার পর বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন, জনগণের সরকার। সুতারং আপনাদের প্রধান ও অন্যতম দায়িত্ব হচ্ছে অবিলম্বে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করে দেওয়া।” 

রোববার গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। 

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণাসহ বিভিন্ন দাবিতে জেলা বিএনপি এ সমাবেশের আয়োজন করে।  

দায়িত্ব থাকা উপদেষ্টাদের সমালোচনা করে হারুনুর রশীদ আরও বলেন, “আপনারা ইতোমধ্যে নিজেদের যথেষ্ট বিতর্ক করে ফেলছেন। আপনার উপদেষ্টামণ্ডলীর সদস্যরা ক্ষমতায় থেকে দল গঠনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এটি যদি করতে চান, মানুষ তা মেনে নিবে না। এতে বাংলাদেশে অস্থিরতা বাড়বে। নতুন করে সংকট তৈরি হবে। স্থিতিশীলতা নষ্ট হবে। সুতরাং আপনারা ষড়যন্ত্র-চক্রান্ত করবেন না।”

গত ১৫ বছর বাংলাদেশের মানুষের ওপর অনেক জুলুম-অত্যাচার হয়েছে মন্তব্য করে তিনি বলেন, “শেখ মুজিব আওয়ামী লীগ তৈরি করেছিল। আর শেখ হাসিনা আওয়ামী লীগের নৌকাকে স্থায়ীভাবে ডুবিয়ে দিয়ে গেছে। এ নৌকা বাংলাদেশে আর জাগবে না। কারণ, আজ এ আওয়ামী লীগের দায়িত্ব নেওয়ার কেউ নেই।“  

সভায় জেলা বিএনপির সভাপতি মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান হাবিব দুলু, কেন্দ্রীয় কমিটির গ্রামবিষয়ক সম্পাদক আনিছুজ্জামান খান বাবু, বিএনপির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল।