২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যশোর-২: নৌকায় সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

“জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে ত্বরান্বিত ও স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকার কোনো বিকল্প নেই। তাই আমি স্বতন্ত্র প্রার্থী থেকে সরে দাঁড়াচ্ছি।”

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2023, 09:08 PM

Updated : 25 Dec 2023, 09:08 PM

নৌকার প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন যশোর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী।

ঝিকরগাছা ও চৌগাছা উপজেলা নিয়ে গঠিত এই আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এস এম হাবিবুর রহমান হাবিব।

সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এ সময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. তৌহিদুজ্জামান তুহিন উপস্থিত ছিলেন।

এর আগে বেলা সাড়ে ১২টার দিকে নিজ নামে প্রতিষ্ঠিত চৌগাছার এস এম হাবিব কলেজে নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা করেন হাবিব। এ সভা শেষে যশোর শহরে গিয়ে তারা সংবাদ সম্মেলন করেন।

এস এম হাবিব চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি। দলীয় মনোনয়ন চেয়ে না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন।

সংবাদ সম্মেলনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে অঙ্গীকার করে হাবিব বলেন, “নৌকা প্রতীকের বর্তমান কাণ্ডারি দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নিজেও নৌকার ভোট চাইছেন। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে ত্বরান্বিত ও স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকার কোনো বিকল্প নেই।

“সেই সঙ্গে প্রধানমন্ত্রীর শেখ হাসিনারও কোনো বিকল্প নেই। তাই আমি মনে প্রাণে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) থেকে সরে দাঁড়াচ্ছি।”

তিনি বলেন, “একই সঙ্গে শেখ হাসিনা মনোনীত দলীয় প্রার্থী তৌহিদুজ্জামান তুহিনকে অকুণ্ঠ সমর্থন জানিয়ে নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়ে দলীয় প্রতীক নৌকার পক্ষে নির্বাচন করতে চাই।”

নিজে প্রার্থী হয়ে কেন এখন নৌকা প্রতীককে সমর্থন করছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হাবিব বলেন, “কোনো এক কারণে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি, তবে দল বা কারো চাপে নয়।”

তিনি আরও বলেন, “যারা নৌকার প্রধানমন্ত্রী দেখতে চান, নেত্রীকে যারা ভালোবাসেন, আমাকে যারা ভালোবাসেন তাদের উদ্দেশে বলতে চাই, দেশের এমন কঠিন চ্যালেঞ্জের সময় দলের বৃহত্তর স্বার্থে আমাদের ত্যাগ স্বীকার করা মহত্ত্বের কাজ।

“তাই দ্বিধা-দ্বন্দ্ব ভুলে আমার সব কর্মী ও সমর্থককে নৌকা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করে ৭ জানুয়ারি যশোর-২ আসনে নৌকায় ভোট দিয়ে জয়ী করব।”

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিতি ছিলেন ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম, ঝিকরগাছা পৌরসভার মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, চৌগাছা উপজেলা চেয়ারম্যান ড. মো. মোস্তানিছুর রহমান, চৌগাছা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান বাবুল।