নোয়াখালীতে আগুনে পুড়ল ১৫ দোকান, রাঙামাটিতে বসতঘর
রাঙামাটি নানিয়ারচরে আগুনে পুড়ে গেছে এক কৃষকের বসতঘর।
নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট বাজারে আগুনে পুড়ে গেছে ১৫টি দোকান। এছাড়া রাঙামাটির নানিয়ারচরে পুড়েছে কৃষকের বসতঘর।
সোমবার সকাল ও বিকালে দুই জেলার দুই উপজেলায় এসব ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস ও পুলিশ জানিয়েছে।
নোয়াখালীর চাটখিল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার চন্দ্র শেখর গাইন বলেন, সোমবার বিকালে বদলকোট বাজারে আগুন লাগে।
তিনি বলেন, একটি লন্ড্রির দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। এরই মধ্যে আগুনের শিখা চারদিকে ছড়িয়ে পড়লে মুদি দোকান, জামা কাপড়ের দোকানসহ ছোটবড় ১৫টি দোকান পুড়ে যায়।
চন্দ্র শেখর গাইন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
এর আগে সোমবার সকালে রাঙামাটির নানিয়ারচরে আগুনে পুড়ে গেছে এক কৃষকের বসতঘর।
উপজেলার বুড়িঘাট ইউনিয়নে বগাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে নানিয়ারচর থানার ওসি মো. নাজির আলম জানান।
বসতঘর পুড়ে নিঃস্ব হয়েছেন স্থানীয় কৃষক মন্টু চাকমার পরিবার।
তবে ইতোমধ্যে প্রশাসন ও স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় মন্টু চাকমার জন্য বাঁশ, কাঠের বসতঘর তৈরির কাজ শুরু হয়েছে।
এর আগে সকাল সাড়ে ৬টার দিকে বসতঘরে আগুন দেখতে পান মন্টু চাকমার ছেলে প্রিয় ময় চাকমা। মুহূর্তে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।
প্রিয় ময় চাকমা বলেন, “সকালে মা-বাবা ঘরে ছিল না। আমি গরু নিয়ে মাঠে গেছি। এমন সময় পেছনে একবার ফিরে দেখি, আমাদের ঘরে আগুন লেগেছে। পরে আমি দৌড়ে গিয়ে দেখি, ঘরে চারিদিকে আগুন জ্বলতেছে, কিছুই বাঁচাতে পারি নাই।”
তিনি আরও বলেন, “আমি এইচএসসি দ্বিতীয় বর্ষের নির্বাচনি পরীক্ষা দিচ্ছি। আমার বই, জন্মসনদসহ অন্য কাগজপত্র সব পুড়ে গেছে। এছাড়া আমার এক ছোট ভাই নবম ও বোন পঞ্চম শ্রেণিতে পড়ে; তাদের বইও পুড়ে গেছে।
“তবে কীভাবে আগুন লেগেছে তা এখনো বলতে পারতেছি না।”
ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছেন।
ওসি মো. নাজির আলম বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছি। ক্ষতিগ্রস্ত কৃষক মন্টু চাকমার ঘরে একটি গ্যাস সিলিন্ডার পাওয়া গেছে।”
একই কথা জানিয়ে নানিয়ারচর উপজেলার ইউএনও মোহাম্মদ আমিমুল এহসান খান বলেন, “আমরা আগুনের ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুড়ে যাওয়া ঘরের ভেতর একটা গ্যাস সিলিন্ডার পাওয়া গেছে। তবে আগুনের সূত্রপাত এখনো পরিষ্কার নয়। এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান আছে।”
ইউএনও আরও বলেন, “পুড়ে যাওয়া ভুক্তভোগীর জন্য বাঁশের ঘর তৈরির কাজ শুরু হয়েছে। উপজেলা প্রশাসন, পুলিশ ও নানিয়ারচর জোনসহ স্থানীয় নেতাকর্মীরা সার্বিক সহযোগিতা করছেন।”
