২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে তর্কের পর একজনকে ছুরি মেরে খুন

“আমার স্বামী মাদক ব্যবসার সঙ্গে জড়িত নয়। সে জুতা-স্যান্ডেলের ব্যবসা করত।”

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2024, 07:50 PM

Updated : 10 Sep 2026, 05:57 PM

যশোরের অভয়নগর উপজেলায় ছুরিকাঘাতে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে।  এ ঘটনায় জড়িত অভিযোগে দুই জনকে আটক করেছে পুলিশ।

অভয়নগর থানার ওসি মো. এমাদুল করিম জানান, উপজেলার বুইকারা গ্রামের গরুহাটা এলাকায় শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। রোববার ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিউল ইসলাম নামের ওই ব্যক্তি মারা যান।

নিহত ৪০ বছর বয়সী রবিউল ইসলাম গরুহাটা এলাকার বাসিন্দা।

আটকরা হলেন- একই এলাকার রাঙ্গা মোল্যার ছেলে অহিদুল ইসলাম ওরফে ডেভিট (২০) ও তার চাচত ভাই মোহাম্মদ বাবুর ছেলে শাহিন হোসেন (২১)।

প্রত্যক্ষদর্শী গরুহাটা এলাকার সজীবুর রহমান বলেন, “শনিবার সন্ধ্যার পর রেললাইনের ওপরে রবিউলের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলাম। কিছুক্ষণ পর অহিদুল ও তার চাচাত ভাই শাহিন সেখানে আসেন। এক পর্যায়ে রবিউলের সঙ্গে তাদের ঝগড়া হয় এবং অহিদুল তার কাছে থাকা ছুরি দিয়ে রবিউলের পেটে আঘাত করে।

“সে সময় রবিউল রেললাইনের পাশে পড়ে যান। ওই অবস্থায়ও তাকে বারবার ছুরিকাঘাত করা হয়। এরপর তারা দুইজন দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসীর সহযোগিতায় আটক করা হয়। খবর পেয়ে পুলিশ তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।”

পরে গুরুতর আহত রবিউলকে উদ্ধার করে খুলনা মেডিককেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে প্রত্যক্ষদর্শী বিপুল মণ্ডল ও কালাম ব্যাপারী জানান।

নিহতের স্ত্রী কোহিনুর বেগম বলেন, “আমার স্বামীকে এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারী রাঙ্গা মোল্যা তার ছেলে ও ভাইপোকে দিয়ে এ খুন করিয়েছে।”

তার স্বামী মাদক ব্যবসার করতেন এমন প্রশ্নে কোহিনুর বলেন, “আমার স্বামী মাদক ব্যবসার সঙ্গে জড়িত নয়। সে জুতা-স্যান্ডেলের ব্যবসা করত।”

অভয়নগর থানার ওসি মো. এমাদুল করিম বলেন, “রবিউল ইসলাম হত্যার ঘটনায় অহিদুল ও শাহিন নামে দুইজনকে রাতেই আটক করা হয়েছে। নিহতের পরিবার থেকে এখনো মামলা করেনি। যদি তারা মামলা না করে তাহলে পুলিশ বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করবে।”