২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় ‘জমির বিরোধের জেরে’ কুপিয়ে হত্যা

বাড়ির পাশে মসজিদ থেকে মাগরিবের নামাজ পড়ে ফেরার পথে ওই ব্যক্তির ওপর হামলা হয় বলে স্থানীয়রা জানান।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2023, 11:25 AM

Updated : 28 Aug 2023, 11:25 AM

নেত্রকোণার পূর্বধলায় জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে সৎ চাচার বিরুদ্ধে।

পূর্বধলা থানার পরিদর্শক (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, রোববার সন্ধ্যায় উপজেলার আগিয়া ইউনিয়নের কালডোয়ার এলাকায় এ ঘটনা ঘটে।

৬৫ বছর বয়সি নিহত ইদ্রিস আলী কালডোয়ার গ্রামের জালাল উদ্দিনের ছেলে। তিনি পেশায় দর্জি ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয়দের বরাতে ওসি সাইফুল জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে ইদ্রিস আলীর সঙ্গে তার সৎ চাচার বিরোধ ছিল। গত রোববার বাড়ির পাশের মসজিদ থেকে মাগরিবের নামাজ পড়ে ফিরছিলেন ইদ্রিস। এ সময় তার সৎ চাচা লোকজন নিয়ে ইদ্রিসকে এলোপাথারি কুপিয়ে এক হাত ও দুই পা বিচ্ছিন্ন করে ফেলে রেখে যান। পরে স্বজনরা উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য লাশ সোমবার নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।