নওগাঁয় গৃহবধূ ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
এ ছাড়া ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাস বিনাশ্রম কারাবাসে থাকতে হবে আসামিকে।
নওগাঁর পোরশা উপজেলায় গৃহবধূকে ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এ ছাড়া ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে;যা অনাদায়ে আরও ছয় মাস বিনাশ্রম কারাবাসে থাকতে হবে আসামিকে।
বৃহস্পতিবার জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. মেহেদী হাসান তালুকদার এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁশলী মো. মকবুল হোসেন জানান।
কারাদণ্ডপ্রাপ্ত আব্দুল হালিম (৩৬) চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার ঘাটনগর গ্রামের বাসিন্দা।
মামলান নথির বরাতে আইনজীবী মকবুল হোসেন জানান,আসামি আব্দুল হালিম ওই গৃহবধূর দুঃসম্পর্কের আত্মীয়। এ সূত্রে ২০২০ সালের ৯ মে নওগাঁর পোরশায় গৃহবধূর বাড়ি বেড়াতে যান ওই যুবক। রাত হয়ে যাওয়ায় হালিম ওই বাড়িতে থেকে যান। রাতের হালিম পানি খেতে চাইলে স্বামী বাড়িতে না থাকায় গৃহবধূ নিজেই হালিমকে পানি দিতে এগিয়ে যান। তখন হালিম তাকে জাপটে ধরে জোর করে ধর্ষণ করেন। এতে ওই গৃহবধূ গর্ভবতী হয়ে পড়েন;পরে পুত্র সন্তানের জন্ম দেন।
এ ঘটনায় গৃহবধূ আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি সংশ্লিষ্ট থানায় রেকর্ডের নির্দেশ দেয়।
তদন্তকারী কর্মকর্তা আসামি আব্দুল হালিমের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
আদালত ছয় জনের সাক্ষ্য নিয়ে বৃহস্পতিবার এ রায় দেয়। রায়ে জরিমানার ১ লাখ টাকা ধর্ষণের শিকার নারীকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
পলাতক থাকায় আসামির পক্ষে যুক্তি উপস্থাপন করেন আইনজীবী এসএম সারোয়ার হোসেন।
রায় ঘোষণার পর আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারক।
