০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

তীব্র গরমে নোয়াখালীতে শ্রেণিকক্ষে অসুস্থ ১০ শিক্ষক-শিক্ষার্থী

“ছাত্রছাত্রীরা গরমের কারণে লেখাপড়া করতে পারছে না। প্রত্যেকটা স্কুলে জেনারেটর ব্যবস্থা করা দরকার।”

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2024, 11:10 PM

Updated : 26 Aug 2026, 09:31 AM

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় স্কুল খোলার প্রথম দিনে তীব্র গরমে শিক্ষকসহ দশ ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়েছেন। 

রোববার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত হরণী ইউনিয়নের হাতিয়া জনকল্যাণ শিক্ষা ট্রাস্ট হাই স্কুলে এ ঘটনা ঘটে বলে প্রধান শিক্ষক আলী মানসুর জানান। 

স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তীব্র গরমে ও ঘন ঘন লোডশেডিংয়ের কারণে সকাল ১০টা থেকেই হাতিয়া জনকল্যাণ শিক্ষা ট্রাস্ট হাই স্কুলের অনেক শিক্ষার্থী অসুস্থ বোধ করছিল। বেলা ১২টা পর্যন্ত শিক্ষকসহ মোট ১০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে বিদ্যালয়ে চিকিৎসক এনে তাদের চিকিৎসা দেওয়া হয়।  

স্থানীয় বাসিন্দা মো. আকবর হোসেন বলেন, “এক সপ্তাহ বন্ধের পর আজ মাত্র স্কুল খুলেছে। অতিরিক্ত গরমে ওই স্কুলের শিক্ষার্থী ও শিক্ষক অসুস্থ হয়ে পড়েছে। 

“ছাত্রছাত্রীরা গরমের কারণে লেখাপড়া করতে পারছে না। প্রত্যেকটা স্কুলে জেনারেটর ব্যবস্থা করা দরকার।”   

প্রধান শিক্ষক আলী মানসুর বলেন, “তীব্র গরমে আসলে ক্লাস করানো কঠিন; সবারই হাঁসফাঁস অবস্থা। শিক্ষক-শিক্ষার্থী মিলে মোট দশজন অসুস্থ হয়েছেন। 

“বিদ্যুৎ চলে যাওয়ায় ক্লাস করানো আরও কঠিন হয়ে পড়েছে।” 

হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভাশীষ চাকমা বলেন, “আমি বিষয়টি জেনেছি। জেলা শিক্ষা অফিসারের সঙ্গে কথাও বলেছি। বিদ্যালয়টি সম্ভবত টিনশেড তাই এমন অবস্থা হয়েছে। বিদ্যুৎও ছিল না। তবে বর্তমানে সবাই ভালো আছে।”