২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপহারের সেই মাইক্রোবাসে হিরো আলমের ফ্রি অ্যাম্বুলেন্স সেবা

অ্যাম্বুলেন্সটির তত্ত্বাবধান করবে হিরো আলম ফাউন্ডেশন।

উপহারের সেই মাইক্রোবাসে হিরো আলমের ফ্রি অ্যাম্বুলেন্স সেবা

অ্যাম্বুলেন্সে রূপান্তর করা মাইক্রোবাসটির পাশে আশরাফুল আলম ওরফে হিরো আলম।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2023, 07:27 PM

Updated : 25 Oct 2023, 07:27 PM

হবিগঞ্জের এক শিক্ষকের কাছ থেকে উপহার হিসেবে পাওয়া আশরাফুল আলম ওরফে হিরো আলমের মাইক্রোবাসটি অ্যাম্বুলেন্সে রূপান্তর করা হয়েছে।

শনিবার বিকালে অ্যাম্বুলেন্সটির উদ্বোধন করে আলোচিত এই কন্টেন্ট ক্রিয়েটর বলেন, “আজ থেকে বগুড়া সদরের অসহায় মানুষদের সেবায় এই অ্যাম্বুলেন্স ব্যবহার হবে। বিনা পয়সায় সেবা দেওয়া হবে। অ্যাম্বুলেন্সে দেওয়া নম্বরে ফোন করলেই পৌঁছে যাবে। আমি সব সময় চেষ্টা করব আপনাদের সর্বোচ্চ সেবা দেওয়ার।

“আপনারা সহযোগিতা করলে একটা থেকে দুটি অ্যাম্বুলেন্স করা সম্ভব। আগামীতে আরও দু-চারটি করার চেষ্টা করব। এ বিষয়ে আমাকে অনেকেই আশ্বাস দিয়েছেন।”

এ সময় বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি মির্জা সেলিম রেজা, এরুলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রাজ্জাক ও নুরুল আলম উপস্থিত ছিলেন।

এর আগে মাইক্রোবাসটি অ্যাম্বুলেন্সে রূপান্তর করতে বগুড়া শহরের বকশিবাজারের ‘ডিবিআর অটোমেটিভ কমপ্লিট অটো সেন্টারে’ নেওয়া হয়। শনিবার বিকালে হিরো আলমের হাতে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন অটো সেন্টারের ম্যানেজার মিজানুর রহমান। অ্যাম্বুলেন্সটির তত্ত্বাবধান করবে হিরো আলম ফাউন্ডেশন।

Image

হিরো আলমের হাতে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন অটো সেন্টারের ম্যানেজার মিজানুর রহমান।

গত ৭ ফেব্রুয়ারি হিরো আলমকে উপহার হিসেবে টয়োটা নোয়াহ ১৯৯৮ মডেলের গাড়িটি দেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের শিক্ষক মুখলিছুর রহমান। গাড়িটি পাওয়ার পরপরই সেটিকে অ্যাম্বুলেন্সে রূপান্তরের ঘোষণা দেন হিরো আলম।

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]